২০১৯ সাল পর্যন্ত ব্যস্ত অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

বয়স যে শুধুই একটি সংখ্যা, এর বড় প্রমাণ বলিউড তারকা অমিতাভ বচ্চন। এই অক্টোবরে ৭৫ পূর্ণ করবেন ‘বিগ বি’। কিন্তু কাজের পরিকল্পনা করে রেখেছেন ৭৭ বছর পর্যন্ত। মানে ২০১৯ সাল পর্যন্ত এই তারকার শিডিউলের খাতা ফাঁকা নেই। এখন তিনি আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানাহ শেখের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’-এর শুটিং করছেন। 

সম্প্রতি নিজস্ব ব্লগে নিজের ব্যস্ততা ও কাজের পরিকল্পনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন ‘বিগ বি’। সেখান থেকেই জানা যায়, তাঁর ‘১০২ নট আউট’ ছবির কাজ আগস্ট নাগাদ শেষ হয়ে যাবে। এখানে অভিনেতা ঋষি কাপুরের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘থাগস অব হিন্দোস্তান’-এর কাজ শেষ হলে ফের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের নতুন মৌসুম সঞ্চালনা শুরু করবেন। এরপরও নাকি হাতে আরও কিছু কাজ রয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাঁর।
‘বিগ বি’-এর মতে, অলসতা জীবনে অসন্তুষ্টি এনে দেয়। অসন্তোষকে নিজের জীবনে কোনোমতেই ঠাঁই দিতে চান না ভারতের এই মহাতারকা। এত বয়স হওয়া সত্ত্বেও পুরোদমে অমিতাভ কাজ করে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন, তা কি কিছুটা তাঁর উচ্চাকাঙ্ক্ষা? অমিতাভের ভাষ্য, ‘আরও সুদূরপ্রসারী চিন্তা করা মোটেও আমার উচ্চাকাঙ্ক্ষা নয়।’ বলিউড হাঙ্গামা।