২২ মার্চ ঢাকায় আসছেন উর্বশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উর্বশী রাউটেলা
উর্বশী রাউটেলা

ঢাকায় বিএমডব্লিউ সেভেন সিরিজের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে আসছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ‘হ্যালো ঢাকা, আমি খুবই উচ্ছ্বসিত আপনাদের শহরে আসা নিয়ে’ তাঁর সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন উর্বশী। গত ফেব্রুয়ারি মাসে তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ছবি সানাম রে দিয়ে বেশ আলোচনায় আসেন এই অভিনেত্রী।
এদিকে এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পক্ষ থেকে উর্বশীর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করছেন পরিচালন ব্যবস্থাপক লুনা ইসলাম। তিনি বলেছেন, ‘বিএমডব্লিউ সব সময় একজন আন্তর্জাতিক মানের তারকাকে নতুন মডেলের গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে রাখতে চায়। বিএমডব্লিউ সেভেন সিরিজের গাড়িটি এবারই প্রথম আসছে বাংলাদেশে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উর্বশীকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। ২২ মার্চ ঢাকায় পৌঁছাবেন উর্বশী রাউটেলা।’
মাস্তি ছবির সিক্যুয়েল গ্রেট গ্র্যান্ড মাস্তি-তে অভিনয় করছেন উর্বশী রাউটেলা। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সিং সাব দ্য গ্রেট ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে উর্বশীর। ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১১ সালে জিতেছেন মিস এশিয়ান সুপার মডেল পুরস্কার। তা ছাড়া ভারতের সংগীতশিল্পী হানি সিংয়ের দেশি কালাকার অ্যালবামের ‘লাভ ডোজ’ গানের ভিডিওতে দেখা গিয়েছিল উর্বশীকে।