২৩ বছর আগে আমি আপনার ভক্ত ছিলাম, আজও তাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেট দুনিয়ায় উদ্‌যাপন করা হচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন। আজ ৫৬ বছরে পা দিলেন এই বলিউড তারকা। বিটাউন তারকারা কিং খানকে বিশেষ এই দিনে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। খ্যাতনামা চিত্রনির্মাতা করণ জোহরও কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক সুন্দর নোট লিখেছেন।

শাহরুখ খানের সঙ্গে ‘দিল সে’ সিনেমার সেই সুপারহিট গান ‘ছাইয়া ছাইয়া’র একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মালাইকা

মাধুরী দীক্ষিত, আনুশকা শর্মা, সিমি গাড়েওয়াল, আয়ুষ্মান খুরানা, কারিনা কাপুর খান, ফারহা খানসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে বিশেষভাবে কিং খানকে শুভেচ্ছা জানিয়েছেন মালাইকা আরোরা খান। তাঁর এই পোস্ট নেট জগতে দ্রুত ছড়িয়ে পড়ছে।

মালাইকা ইনস্টাগ্রামে ‘দিল সে’ সিনেমার সেই সুপারহিট গান ‘ছাইয়া ছাইয়া’র একটা ছবি পোস্ট করেছেন। এই গানে তাঁকে আর শাহরুখকে একসঙ্গে দেখা যাচ্ছে। এই ছবির মাধ্যমে কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মালাইকা লিখেছেন, ‘২৩ বছর আগে আমি আপনার ভক্ত ছিলাম, আজও তাই। আজ এত বছর ধরে আপনাকে দেখে আসছি। আপনি নিজের ব্যক্তিত্ব যেভাবে ধরে রেখেছেন, তার সাক্ষী হয়ে থাকা শুধুই রোমাঞ্চকর নয়, প্রেরণাদায়কও।

‘আপনি নিজের ব্যক্তিত্ব যেভাবে ধরে রেখেছেন, তার সাক্ষী হয়ে থাকা শুধুই রোমাঞ্চকর নয়, প্রেরণাদায়কও’
ফেসবুক থেকে

আপনি আপনার আশপাশের মানুষের প্রতিটি দিন, প্রতিটি বছর সুন্দর করে তোলার জন্য নিরলস প্রয়াস চালান, আর তা দেখার অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত। এ বছরের আজকের দিনটি আপনার জন্য অনেকটাই বিশেষ। আজকের দিনটা আরও অতিরিক্ত মিষ্টি। প্রার্থনা করি, এভাবেই যেন সারা জীবন থাকেন। কারণ, আপনি এটারই যোগ্য। আপনাকে আজকের দিন আর সারা জীবনের জন্মদিনের জন্য শুভকামনা জানাতে চাই এসআরকে।’ মালাইকা ‘কাল ধামাল’ গানেও শাহরুখ খানের সঙ্গে নেচেছিলেন। কিং খানের সঙ্গে তাঁকে ‘ওম শান্তি ওম’ ছবির একটা গানে দেখা গিয়েছিল।

মালাইকা আরোরা

করণ জোহর ইনস্টাগ্রামে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘“করণ অর্জুন” ছবির সেটে শাহরুখের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তবে এটা অনুভব করিনি যে এমন এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছি, যে আমার জীবন, আমার ক্যারিয়ার আর আমার সত্তাকে একাকার দেবে; আমার জীবনে আনবে এক আমূল পরিবর্তন। শাহরুখের মানবিকতা আর হৃদয়কে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। ও এক অতুলনীয় বাবা, সহায়ক স্বামী, প্রিয় ভাই আর অপরিহার্য বন্ধু। তবে শুধু এটুকু দিয়ে ওকে মাপা যায় না, আরও অনেক কিছু ওর মধ্যে আছে। আপনাকে অনেক অনেক ভালোবাসা, ভাই। আপনি অপরিসীম ভালোবাসার দাবিদার। জন্মদিনের শুভেচ্ছা।’