২৫ দিনের যমজ নিয়ে সিনেমা দেখলেন প্রীতি
গত নভেম্বর মাসের ১৮ তারিখে যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সন্তানদের নাম রেখেছেন জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। দুই নবজাতক নিয়েই এখন তাঁর ব্যস্ততা। ২৫ দিনের যমজ সন্তানকে নিয়ে প্রথমবার সিনেমা দেখলেন এই অভিনেত্রী। সেই অভিজ্ঞতা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই বলিউড তারকা।
জয় ও জিয়াকে নিয়ে প্রীতি জিনতার পরিবারে আনন্দের বন্যা বইছে। এই মুহূর্তে যমজ সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করছেন প্রীতি। গত শনিবার এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা গেল নীল ও গোলাপি কম্বলে মোড়া দুই সন্তানের ছবি। তারা বিছানায় শুয়ে আছে, সামনেই চলছে টেলিভিশন। একটু লক্ষ করলেই বোঝা যায়, যমজ দুই ভাই–বোন টেলিভিশনে সিনেমা দেখছে।
সিনেমা দেখা অবস্থায় দুই সন্তানের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে প্রীতি লিখেছেন, ‘বাচ্চাদের সঙ্গে প্রথমবার সিনেমা দেখলাম। ওহ মাই গড। বচ্চন, (অভিষেক বচ্চন) তুমি আমাদের দিনটাকে সুন্দর করে তুলেছ। খুনির ভূমিকায় কি সাবলীল অভিনয় এবং একই সঙ্গে অনেক চমৎকার একটি সিনেমা।’ তাদের দেখা সিনেমাটির নাম ‘বব বিশ্বাস’। থ্রিলার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। সম্প্রতি এটি মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা ঘোষ।
প্রীতি ও তাঁর বর জিন গুডএনাফ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যবসা করেন। গত নভেম্বর মাসে প্রীতি স্বামী জিনের সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর জানিয়েছিলেন। প্রীতি জিনতা বর্তমানে সিনেমা থেকে বিরতি নিয়েছেন। বিয়ের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা অনিয়মিত। মাঝেমধ্যে ব্যক্তিগত নানা ঘটনা সেখানে এসে ভক্তদের সঙ্গে শেয়ার করেন প্রীতি। গত আগস্ট মাসে তাঁর বলিউডে কর্মজীবন শুরু করার ২৩ বছর পূর্ণ হলো।