২৫০ কোটি টাকা দামি হীরার নেকলেসটির আছে দারুণ সব গল্প

১৯৬১ সালে মুক্তি পাওয়া ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ ছবির প্রচারণায় বিখ্যাত এই হীরক হার পরেন হলিউডের চিরসবুজ তারকা অড্রে হেপবার্ন। এবার সেই হার উঠল পপ তারকা বিয়ন্সের গলায়। ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জুয়েলারি ব্র্যান্ড টিফানির প্রচারণা ‘অ্যাবাউট লাভ’–এ এবার মডেল হয়েছেন দুই হেভিওয়েট পপ তারকা জে জেড ও বিয়ন্সে। কিন্তু তাঁদের ছাপিয়ে গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে বিয়ন্সের গলায় পরা হীরকখচিত একটা হার। প্রশ্ন করতে পারেন, কী এমন আহামরি হার যে তার কাছে বিয়ন্সের জনপ্রিয়তাও হার মেনে যায়?
হার মানার কারণ আছে বটে। ৩ কোটি মার্কিন ডলারের বেশি দামি ১২৮ ক্যারেটের হীরকখচিত এই নেকলেসের আছে দারুণ সব গল্প। বাংলাদেশি মুদ্রায় এ নেকলেসের দাম ২৫০ কোটি টাকারও বেশি।

বিয়ন্সের আগে মাত্র চারজন নারীর গলায় ঝুলেছে এই হার। ১৮৭৭ সালে এই হীরকখণ্ডটি কেনেন টিফানি অ্যান্ড কোম্পানির মালিক চার্লস লুইজ টিফানি। পরে সেটি দিয়েই তৈরি হয় এই বিখ্যাত হার। ১৯৫৭ সালে মার্কিন কূটনীতিক এডুইন শেলডন হোয়াইটহাউস প্রথম এই নেকলেস পরেন। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ ছবির প্রচারণায় বিখ্যাত এই নেকলেস পরেন হলিউডের চিরসবুজ তারকা অড্রে হেপবার্ন।

৫৮ বছর পর ২০১৯ সালে লেডি গাগা অস্কার আসরে পরেছিলেন এই নেকলেস

আর দীর্ঘ ৫৮ বছর পর ২০১৯ সালে লেডি গাগা অস্কার আসরে পরেছিলেন এই নেকলেস। আর মুক্তিপ্রতীক্ষিত ডেথ অন দ্য নাইল ছবিতে এটা পরেছেন অভিনেত্রী গ্যাল গ্যাদোত।

টিফানিরই প্রচারণায় এবার সেই হার উঠল পপ তারকা বিয়ন্সের গলায়। কেউ কেউ তো বলছেন, এই বিজ্ঞাপনে শুধু বিয়ন্সে আর জে জেডই নন, আছে আরেক তারকা—সে ওই বিখ্যাত নেকলেস!

টিফানিরই প্রচারণায় এবার সেই হার উঠল পপ তারকা বিয়ন্সের গলায়

সাধে কি আর লোকে জে জেড আর বিয়ন্সেকে ফেলে হারের কথা বলে! বিজ্ঞাপনে বিয়ন্সের গায়ে ছিল মেঝেছোঁয়া কালো ফিটিং লম্বা গাউন। হাতমোজা ও চিক আপডো চুলে অড্রে হেপবার্নকেই মনে করিয়ে দেন বিয়ন্সে। ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ ছবিতে অড্রের লুকও প্রায় একই ছিল।