২৫০ কোটি রুপির 'বাহুবলী' নিয়ে ভারতে হইচই

ভারতে সিনেমা জগতে সব চেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পেয়েছে। এই ছবি তৈরিতে ব্যয় হয়েছে ২৫০ কোটি ভারতীয় রুপি। এস এস রাজা মৌলি পরিচালিত তামিল ও তেলেগু দুই ভাষার মুক্তি পাওয়া এই ছবিকে ঘিরে দর্শকের কৌতূহল এখন তুঙ্গে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বাহুবলী ছবির একটি ট্রেলার গত মে মাসের শেষের দিকে ইউটিউবে ছাড়া হয়। এখন পর্যন্ত ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কয়েক লাখ মানুষ সেটা দেখেছে। এই ছবির ফেসবুকে পেজে ১৩ লাখের বেশি লাইক পড়েছে। টুইটারে ফলোয়ার এক লাখ। ইউটিউবে এই ছবির ট্রেলার আজ শুক্রবার রাত পর্যন্ত দেখেছে ৪৫ লাখ ৬১ হাজার।
২০১৩ সালে অন্ধ্র প্রদেশের হায়দরাবাদে এই ছবির শুটিং শুরু হয়। তখন থেকেই দর্শক আর চলচ্চিত্র মহলে আলোচনায় ‘বাহুবলী’ ছবিটি। তেলেগু ছবির জনপ্রিয় নায়ক প্রভাস অভিনীত ব্যয়বহুল এই ছবিটি পৌরাণিক একটি কাহিনির সঙ্গে কাল্পনিক বিষয় মিশিয়ে তৈরি করা হয়েছে। ছবিতে প্রভাস (দ্বৈত চরিত্রে) ছাড়াও আছেন রানা দুগ্গুবাতী, তামান্না ভাটিয়া এবং আনুষ্কার শেট্টি।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবির কাহিনিতে দেখা যাবে, রাজা তাঁরই পর্ষদদের বিশ্বাসঘাতকতার শিকার হন। তাঁর ছেলেদের রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তাঁরাই বড় হয়ে ফিরে এসে যুদ্ধ করে নিজেদের রাজ্য উদ্ধার করেন।
হিন্দি এবং মালয়ালম ভাষায় ছবিটিকে ডাবিং করা হয়েছে। বাহুবলী ছবি মুক্তির দুই দিন আগেই হায়দরাবাদ শহরের মাল্টিপ্লেক্সগুলিতে টিকিটের জন্য লম্বা লাইন পড়ে যায়। খবরে বলা হয়েছে, টিকিটের জন্য একটি মাল্টিপ্লেক্সের সামনে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন পড়েছে।
বাহুবলী ছবিকে ঘিরে এমন উন্মাদনার কারণ অবশ্য আছে। পৌরাণিক কাহিনি নির্ভর এই ছবির বাজেট ২৫০ কোটি রুপি। ছবি তৈরিতে সময় লেগেছে তিন বছর।
ভারতের ‘সর্বাধিক ব্যয়বহুল’ এই ছবি নিয়ে নানা আলোচনায় মেতেছেন বলিউড তারকারাও। ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বিগ বি অমিতাভ বচ্চনও না-কি কিছুদিন আগেই টুইট করেছেন, ‘এমন ছবিতে তাঁকে অভিনয়ের সুযোগ না দেওয়াটা না-কি ঘোরতর অন্যায়’!
ছবির ট্রেলার দেখুন