২৭ বছর পর যে চরিত্রে আসছেন রজনীকান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ বছর পর রজনীকান্তকে দেখা যাবে ‘দরবার’-এ পুলিশের চরিত্রে। ১৯৯২ সালে ‘পান্ডিয়ান’ ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল রজনীকান্তকে। ছবি: টুইটার
২৭ বছর পর রজনীকান্তকে দেখা যাবে ‘দরবার’-এ পুলিশের চরিত্রে। ১৯৯২ সালে ‘পান্ডিয়ান’ ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল রজনীকান্তকে। ছবি: টুইটার

চরিত্র সহজ হোক কিংবা জটিল, রজনীকান্ত সহজেই নিজেকে ছাড়িয়ে যান সব সময়। অতীতেও হয়েছে। ভবিষ্যতেও হবে। এ আর মুরুগাদুস পরিচালিত ‘দরবার’-এ পুলিশে চরিত্রে থালাইভা। প্রায় ২৭ বছর পর রজনীকান্তকে দেখা যাবে পুলিশের চরিত্রে। তবে ট্রেলারে তাঁকে দেখানো হলো এক নিয়মনীতিহীন পুলিশের ভূমিকায়।

১৯৯২ সালে ‘পান্ডিয়ান’ ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল রজনীকান্তকে।

গত সোমবার সন্ধ্যায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে রজনীকান্তের ‘দরবার’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে রজনীকান্ত জানিয়েছেন সিনেমা সম্পর্কে নানা বিষয়ে। রজনীকান্ত পুলিশের চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন বলেও জানান। কারণ পুলিশের চরিত্রে অনেক দায়িত্ব থাকে। ‘দরবার’ ছবিতে তাঁর চরিত্রটি সাধারণ কোনো পুলিশের নয় বলেও জানান তিনি। ছবিতে তাঁর চরিত্রটিতে দর্শক ভিন্ন স্বাদ পাবেন বলে জানিয়েছেন রজনীকান্ত।

রজনীকান্ত বলেন, তিনি সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। করেছেন ১৬০টি ছবি। ৪০-৪৫ বছর ধরে অভিনয় করছেন।

মুম্বাইয়ে ‘দরবার’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে রজনীকান্ত। ছবি: এএফপি
মুম্বাইয়ে ‘দরবার’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে রজনীকান্ত। ছবি: এএফপি

তামিল, তেলেগু আর হিন্দিতে মুক্তি পেয়েছে ট্রেলার। ছবিও এই তিন ভাষায় পর্দায় আসবে। ছবিতে ভিলেন সুনীল শেঠি একজন গ্যাংস্টার। সুপার স্টার রজনীকান্ত ছবিতে সুপার কপ আদিত্য অরুণাচালাম নামে আছেন। তিনি মুম্বাই পুলিশের কমিশনার। অপরাধ করলে তাঁর এলাকার কারও জন্য কোনো ক্ষমা নেই। দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা জুটি বাঁধবেন তাঁর চেয়ে দ্বিগুণ বয়সী রজনীকান্তের সঙ্গে।

ছবিতে আরও দেখা যাবে সুনীল শেঠি, নিভেথা থমাস, নবাব শাহ, প্রতীক বব্বরের মতো অভিনেতাদের। এর আগে এই পরিচালক মহেশ বাবু ‘স্পাইডার’, দক্ষিণের অন্যতম তারকার সুরিয়ার ভাই কার্তির ‘কাত্থি’ নয়নতারার ‘আকিরা’সহ কয়েকটি সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন।

দরবার মুক্তি পাবে ২০২০ সালের জানুয়ারিতে। পেটার পর আসছেন রজনীকান্ত। শিবার পরিচালনায় ‘থালাইভা ১৬৮’ পরবর্তী ছবি রজনীকান্তের।

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ‘দরবার’-এ জুটি বাঁধবেন তাঁর চেয়ে দ্বিগুণ বয়সী রজনীকান্তের সঙ্গে। ছবি: টুইটার
দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ‘দরবার’-এ জুটি বাঁধবেন তাঁর চেয়ে দ্বিগুণ বয়সী রজনীকান্তের সঙ্গে। ছবি: টুইটার


সুপারস্টার তকমাটি কীভাবে জুটল
রজনীকান্তকে জিজ্ঞেস করা হয় নামের পাশে ‘সুপারস্টার’ তকমাটি কীভাবে জুড়েছে। তিনি বলেন, ‘কথাটি ৪০ বছর আগের। আশির দশকের শুরুর দিকে আমার একটা সিনেমা দেখতে গিয়ে দেখি সুপারস্টার রজনীকান্ত লেখা হয়েছে। আমি প্রযোজককে ডেকে জিজ্ঞেস করি আমাকে না বলে এমন কেন করা হলো। আমি বিব্রত হয়েছি। ভাবিনি আমাকে কখনো সুপারস্টার বলা হবে। এখনো একই রকম লাগে আমার। জানি না আমাকে কেন সুপারস্টার ডাকা হয়।’

রূপান্তরকামী হতে চান রজনী
ট্রেলারের প্রকাশের অনুষ্ঠানে ৭০ বছর বয়সী রজনীকান্ত জানালেন, তাঁর ৪৫ বছরের অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আজ পর্যন্ত কখনো রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেননি। কোনো পরিচালক বা প্রযোজক আসেননি তাঁর কাছে এমন ছবির প্রস্তাব নিয়ে। রজনীকান্ত জানান, ‘আমি সব ধরনের ছবিতে অভিনয় করেছি। ৪৫ বছরে আমি ১৬০টি ছবি করেছি।’

‘দরবার’-এ সুনীল শেঠি আছেন ভিলেন হিসেবে। ছবি: টুইটার
‘দরবার’-এ সুনীল শেঠি আছেন ভিলেন হিসেবে। ছবি: টুইটার


অমিতাভের যে কথা শোনেননি রজনীকান্ত
দরবার ছবির ট্রেলারে বন্ধু-শুভাকাঙ্ক্ষী এবং অনুপ্রেরণা বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলেন থালাইভা। রজনীকান্ত বলেন, কেবল ক্যামেরার সামনে নয়, এর পেছনেও অমিতাভ বচ্চন কেমন, সেদিকে নজর রাখি আমি। আমাদের বন্ধুত্বের অসংখ্য মুহূর্ত রয়েছে, যা স্মরণীয়। উনি আমাকে ভালোবাসেন। একবার আমরা তামিলনাড়ুতে ছিলাম এবং অমিতাভ বলেছিলেন, ৬০ বছরের পর আমাদের যত্নবান হওয়া প্রয়োজন। তিনটে বিষয় মনে রাখা জরুরি— ১. প্রতিদিন ব্যায়াম করা, ২. প্রতিদিন ব্যস্ত থাকা ও বাড়ি থেকে বেরোনো, ৩. রাজনীতিতে না আসা। এই সবকিছু অমিতাভ বচ্চনের কাছ থেকে শিখেছি কিন্তু তৃতীয় পরামর্শটা পরিস্থিতির কারণে শোনা হয়নি।

অমিতাভ বচ্চনের কোনো ছবি তিনি রিমেক করতে চান? জানতে চাইলে সাংবাদিকদের রজনীকান্ত বলেন, আর বালকির পরিচালনায় ‘শামিতাভ’ ছবিতে অভিনয় করতে চান তিনি। সেখানে তাঁর জামাই ধানুষও অভিনয় করেছেন।

‘দরবার’-এর পোস্টার। ছবি: ইউটিউব
‘দরবার’-এর পোস্টার। ছবি: ইউটিউব


‘দরবার’ নিয়ে সালমানের প্রশংসা
ভারতের চলচ্চিত্রের অন্যতম নাম ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। দীর্ঘ ক্যারিয়ারে ৭০ বছর বয়সী এই তারকার অবস্থান অন্য সবার চেয়ে ওপরের দিকে। এক কথায়, চলচ্চিত্র ভুবনে তার জ্বলজ্বলে অবস্থান। এই অভিনেতার যেকোনো নতুন চলচ্চিত্রের জন্য দর্শকেরা মুখ উঁচিয়ে থাকেন। তবে এবার নতুন ছবির প্রথম দৃশ্য সামনে আসার সঙ্গে সঙ্গে ভক্ত হিসেবে প্রশংসায় বলিউড ভাইজানখ্যাত সালমান খান।

সম্প্রতি টুইটার অ্যাকাউন্টে রজনীকান্তের ‘দরবার’ ছবির পোস্টার শেয়ার করে ভাইজান লেখেন, অসংখ্য শুভকামনা, শুধু সুপারস্টারকে নয়, একমাত্র সুপারস্টারকে। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি ও টুইটার।