২৯ বছর পর 'লিবাস'

ছবির মতোই সুন্দর চলছিল সুধীর আর সীমার সংসার। হঠাৎ করে সম্পর্কের কাল হয়ে দাঁড়ায় তৃতীয় একজন। সীমাকে নিয়ে নিজের লেখা গল্প থেকে ১৯৮৮ সালে চলচ্চিত্র লিবাস নির্মাণ করেন ভারতীয় কবি, চলচ্চিত্র পরিচালক ও অস্কারজয়ী গীতিকার গুলজার।
ছবিতে সীমার চরিত্রে শাবানা আজমি এবং সুধীরের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। দীর্ঘ ২৯ বছর পর মুক্তি পাচ্ছে ছবিটি। গুলজারের ৮৩তম জন্মদিনে এটি তাঁর ভক্তদের উপহার। গত শুক্রবার ভারতীয় চ্যানেল জি ক্ল্যাসিক ছবিটি মুক্তির ঘোষণা দেয়।
লিবাস এত দিন জমা ছিল চলচ্চিত্র উৎসব পরিচালক দপ্তরের আর্কাইভে। নির্মাণের পর ১৯৯২ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ দেখানো হয়েছিল ছবিটি। এর অনেক বছর পর আবার ২০১৪ সালের নভেম্বরে এটি দেখানো হয় অন্য একটি উৎসবে। কিন্তু এখন পর্যন্ত সাধারণ দর্শক বড় পর্দায় ছবিটি দেখেননি। এত বছর পর লিবাস মুক্তির উদ্যোগ নিয়েছেন ছবির তখনকার প্রযোজক বিকাশ মোহনের দুই ছেলে অমূল বিকাশ মোহন ও অংশুল বিকাশ মোহন।
সংবাদ সংস্থা পিটিআইকে অমূল বলেন, ‘প্রকল্পটির সঙ্গে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নানা কারণে ওই সময় ছবিটি মুক্তি পায়নি। এটা ছিল আমার বাবার একটা স্বপ্নের কাজ। ভালো লাগছে যে অবশেষে স্বপ্নটি সত্যি হতে যাচ্ছে।’ তিনি আরও জানান, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি। শিগগিরই সেই তারিখ জানাবেন তাঁরা। এটি বিতরণ করবে জি স্টুডিওস।
গুলজারের লেখা ও রাহুল দেব বর্মণের সুরে ছবির গানে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর। অভিনয়শিল্পীদের মধ্যে আরও আছেন রাজ বাব্বর, সুষমা শেঠ, উৎপল দত্ত, অনু কাপুর, সবিতা বাজাজ প্রমুখ। সূত্র: হিন্দুস্তান টাইমস।