৩০০ কোটির ক্লাবে 'সুলতান'

৩০০ কোটির ক্লাবে এবার যুক্ত হলো আরেকটি নাম—‘সুলতান’। পাঁচ সপ্তাহে আমির খান অভিনীত ‘পিকে’র পরে দ্বিতীয় ছবি হিসেবে ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড করল সালমান খানের ছবিটি। খবরটি টুইট করে জানিয়েছেন ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ।
এই খবরে অনুপ্রাণিত হয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস ঘোষণা দিয়েছে, তাঁরা রিও অলিম্পিকে স্বর্ণজয়ী প্রত্যেক ভারতীয় খেলোয়াড়কে ১০ লাখ রুপি দিয়ে সম্মান জানাবে।
যশরাজ ফিল্মসের ছবি ‘সুলতান’ একজন সংগ্রামী মল্লযোদ্ধাকে নিয়ে। রোমান্টিক স্পোর্টস-ড্রামা ধারার ছবিটি মুক্তি পায় গত জুলাই মাসে। মধ্যবয়সী একজন মল্লযোদ্ধা চ্যাম্পিয়নের গল্প বলা হয়েছে ছবিটিতে, যিনি অলিম্পিকে ভারতকে প্রতিনিধিত্ব করতে পুনরায় ফিরে আসতে চেষ্টা করেন।
ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর ও প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। অভিনয় করেছেন সালমান খান ও আনুশকা শর্মা। হিন্দুস্তান টাইমস।