৬ দিনের জন্য কারাগারে রাজপাল

বলিউডের অতিপরিচিত কৌতুকাভিনেতা রাজপাল যাদবকে ছয় দিনের জন্য কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়ায় রাজপালকে সাজা দেন আদালত। দিল্লির উচ্চ আদালত প্রথমে সাজা দিলে রাজপাল সুপ্রিম কোর্টে আপিল করেন। সে সময় তিনি আদালতকে জানান, ধার শোধ করার আর্থিক অবস্থা তাঁর নেই। কারণ, তাঁর ছবি বক্স অফিসে মার খেয়েছে। তাই আদালত তাঁকে ধার করা অর্থ ফেরত না দেওয়ায় এ সাজা দেন।
২০১৩ সালে দিল্লির উচ্চ আদালত ১০ দিনের কারাদণ্ড দেন অভিনেতা রাজপাল যাদবকে। সে সময় তিনি চার দিন কারাগারে ছিলেন। কিন্তু পরে রাজপাল জামিনে বেরিয়ে আসেন। পরে কিছুদিন আগে এ মামলার নতুন করে শুনানি হলে আদালত তাঁকে অবশিষ্ট ছয় দিনের কারাভোগের জন্য ভারতের তিহার জেলে আত্মসমর্পণ করতে বলেন। তখনই রাজপাল সুপ্রিম কোর্টে আপিল করেন। কিন্তু আজ চূড়ান্ত শুনানিতে রাজপালের আপিল খারিজ করে সুপ্রিম কোর্ট তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেন।
রাজপাল যাদব বলিউডে পরিচিত বেশ কিছু সফল ছবির কারণে। এর মধ্যে রয়েছে ‘কাল হো না হো’, ‘হাঙ্গামা’, ‘চুপ চুপ কে’, ‘ওয়াক্ত’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘পেয়ার কি সাইড ইফেক্টস’, ‘আপনা সাপনা মানি মানি’ ও ‘ভুল ভুলাইয়া’ উল্লেখযোগ্য। পিটিআই।