৭০ ঘণ্টা নাচের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

চেষ্টায় কোনো কমতি রাখতে চান না। কারণ, এই গান ও নাচের সঙ্গে যে জড়িয়ে আছে শৈশবের অনেক স্মৃতি। তাই জড়ুয়া টু ছবির গানে নাচার জন্য ৭০ ঘণ্টা শুধু মহড়াই করে গেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া জড়ুয়া ছবির রিমেক জড়ুয়া টু। ছবিতে সালমান খানের চরিত্রে এবার অভিনয় করছেন বরুণ ধাওয়ান। আর কারিশমা কাপুরের চরিত্রে দেখা যাবে জ্যাকুলিনকে। রম্ভার চরিত্রে নতুন ছবিতে অভিনয় করছেন তাপসী পান্নু। জানা গেছে, জড়ুয়া টু ছবিতে পুরোনো ছবির দুটি জনপ্রিয় গান নতুনভাবে দেখা যাবে। গান দুটি হলো ‘টান টানা টান’ আর ‘উচি হ্যায় বিল্ডিং’। এই গানের কোরিওগ্রাফি করবেন গণেশ আচার্য। সেই গান দুটির জন্যই মহড়া করতে করতে রাত-দিন এক করে দিয়েছেন জ্যাকুলিন। জানিয়েছেন, নাচের মুদ্রা একেবারে নিখুঁত করার জন্য ৭০ ঘণ্টা মহড়া করেছেন তিনি। গান দুটি ২০ বছর ধরে সবার মনে এমনভাবে জায়গা দখল করে আছে যে সেটাকে নতুনভাবে উপস্থাপন করা নাকি জ্যাকুলিনের কাছে দুঃসাহস মনে হয়। তিনি বলেন, ‘নাচের মহড়া আর শুটিংয়ের সময় পুরোনো গানগুলোর নতুন ভার্সনকে আমরা একদম নবজাতকের মতো হ্যান্ডেল করেছি। একটু যদি অমনযোগী হতাম, তাহলেই সব শ্রম নষ্ট হয়ে যেত আমাদের।’ সূত্র: হিন্দুস্তান টাইমস