৮ দিনের মধ্যে 'টিউবলাইট'-এর কাজ শুরু

১৭ জুলাই নির্মাতা কবির খান ও অভিনেতা সালমান খান জুটির ব্লকবাস্টার হিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক বছর পূর্ণ হলো। আর এদিনই নতুন আরেকটি ছবি তৈরির চূড়ান্ত ঘোষণা দিলেন কবির খান। ‘টিউবলাইট’ নামের এই ছবিটির নায়কও হবেন সালমান খান।
দিন কয়েক আগেই এই নির্মাতা ভারত-চীন সীমানাযুদ্ধ নিয়ে একটি ছবি বানাবেন বলে জানিয়েছিলেন। তবে, ছবির শুটিং শুরুর দিন তারিখ তখনো ঠিক হয়নি। রোববার ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আর মাত্র ১০ দিন পরেই শুরু হচ্ছে “টিউবলাইট” ছবির কাজ। শুরু হতে যাচ্ছে এক নতুন যাত্রা।’ সেই হিসাবে ছবির কাজ শুরু হতে আজ থেকে মাত্র আট দিন বাকি।
এই ছবিতে ৬০–এর দশকের সময়কে তুলে ধরা হবে। ছবির পটভূমি যুদ্ধ হলেও কিছু মানবিক দিকও এখানে ফুটিয়ে তুলবেন পরিচালক। ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ হয়েছে ছবির বেশির ভাগ দৃশ্যের শুটিং হবে ভারতের মুম্বাই ও লাদাখে। অবশ্য এখানে সালমানের নায়িকা কে হবেন, তা এখনো জানানো হয়নি। তবে নায়িকার চরিত্রে যে–ই অভিনয় করুক না কেন, সিনেমায় তাঁর উপস্থিতি শুরু হবে দ্বিতীয় অংশ থেকে। বলিউড হাঙ্গামা।