৮৯টি দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ!

এ মাসের ১৭ তারিখেই বলিউডের ছবি ‘উড়তা পাঞ্জাব’ মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির মুখে সেটি অনিশ্চয়তায় পড়েছে। পাহলাজ নিহালানির নেতৃত্বাধীন ভারতীয় সেন্সর বোর্ড ছবিটির নির্মাতা অনুরাগ কাশ্যপকে একটি-দুটি নয়, ৮৯টি দৃশ্য ছেঁটে ফেলতে বলেছে!
সেন্সর বোর্ড এ ছবিতে পাঞ্জাব সম্পর্কিত সব দৃশ্য ছেঁটে ফেলতে বলেছে।
কিন্তু কেন?
বলা হচ্ছে, ভারতের পাঞ্জাব রাজ্যের আসন্ন নির্বাচনই নাকি এর কারণ। ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে পাঞ্জাবের ভয়াবহ মাদক সমস্যা দেখানো হয়েছে। কংগ্রেস ও আম আদমি পার্টি—উভয় দলই এ সমস্যাকে রাজ্যের প্রধানতম হুমকি বলে চিহ্নিত করেছে। নির্বাচনের ঠিক আগে এমন একটি ছবির মুক্তি রাজ্যে ক্ষমতাসীন শিরোমণি আকালি দল ও বিজেপি নেতৃত্বাধীন সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে।
অন্যদিকে সেন্সর বোর্ডের প্রধান পাহলাজ নিহালানি অভিযোগ করেছেন, ছবিটির নির্মাতা অনুরাগ কাশ্যপ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে টাকা নিয়েছেন। এর তীব্র প্রতিবাদ করেছেন কাশ্যপ ও কেজরিওয়াল। কেজরিওয়াল পাল্টা অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন বিজেপির নির্দেশেই পাহলাজ নিহালানি ছবিটির প্রদর্শন বন্ধ করতে চাইছেন।
সেন্সর বোর্ডের এমন আচরণে পুরো বলিউড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। তাঁদের মধ্যে আছেন অভিনেতা আমির খান, নির্মাতা মহেশ ভাট, সুধীর মিশ্র, জোয়া আখতার, ইমতিয়াজ আলী, অশোক পণ্ডিত, প্রযোজক মুকেশ ভাটসহ আরও অনেকে।
এ পরিপ্রেক্ষিতে ‘উড়তা পাঞ্জাব’ দল আদালতে যাওয়ার কথা ভাবছে। এ ছবিতে অভিনয় করেছেন শহীদ কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, দিলজিত দোসাঞ্জ, সতীশ কৌশিক। এনডিটিভি অবলম্বনে।