'অবাঞ্ছিত' ছিলেন কঙ্গনা!

কঙ্গনা রনৌতের ঝুলিতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে রয়েছে দর্শকের অফুরন্ত ভালোবাসাও। অথচ তাঁকে নাকি তাঁর মা-বাবাই চাননি। সম্প্রতি কঙ্গনার বাবা অমরদ্বীপ রনৌত নিজে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
কঙ্গনার জন্ম ভারতের হিমাচল প্রদেশের এক গ্রামে। সেখানে কন্যাসন্তানের জন্ম কোনো আনন্দের বিষয় নয়। অমরদ্বীপ বলেন, ‘এক মেয়ের পর আবার মেয়েসন্তান জন্ম হওয়ায় গ্রামের লোকজন আমাদের অনেক কথা শোনাত। আমরাও ভেবেছিলাম, এবার একটি ছেলেসন্তান পাব। কঙ্গনার জন্মের পর আমরা মিষ্টি বিলি করিনি; বরং তখন বাড়িতে শোকাবহ এক পরিবেশ বিরাজ করছিল।’
কিন্তু মেয়েরাও যে কোনো অংশে কম নয়, তা তো কঙ্গনা এরই মধ্যে প্রমাণ করে দিয়েছেন। এমনকি তাঁর বড় বোন রাঙ্গোলি, যিনি অ্যাসিড–সন্ত্রাসের শিকার, তাঁর পাশে দাঁড়িয়েছেন। রাঙ্গোলি এখন বোন কঙ্গনার সঙ্গে তাঁর ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।
রাঙ্গোলিও সে সময়কার কথা মনে করে বলেন, ‘আমাদের আত্মীয়রা বাড়িতে এলেই কঙ্গনাকে “অবাঞ্ছিত” বলে ডাকত। এসব ঘটনা ওর জীবনে অনেক প্রভাব ফেলেছে।’ তবে তাঁকে নিয়ে একসময় সবার যতই দীর্ঘশ্বাস থাকুক, সবার এসব কটু কথাকে ভুল প্রমাণ করেই সামনে এগিয়ে যাচ্ছেন বলিউডের এই ‘কুইন’। এনডিটিভি।