'অভিমান' করবেন না অভি-অ্যাশ

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের আলোচিত ছবি ‘অভিমান’ নতুন করে তৈরি হলে কেমন হয়? বলিউডে বচ্চন জুটির জনপ্রিয় এই ছবির রিমেক তৈরির কথা ভাবা হচ্ছে। আর নতুন ‘অভিমান’-এ নির্মাতাদের প্রথম পছন্দ অমিতাভ-জয়ার পুত্র ও পুত্রবধূ অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। সূত্র জানায়, ‘অভি-অ্যাশ’ এই সিনেমার রিমেকে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু তাঁরা উভয়েই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
অভিষেকের মতে, ‘অভিমান’-এর মতো ক্ল্যাসিক ছবি যেমন আছে তেমনই রাখা উচিত। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া এই ছবির কোনো তুলনাই হয় না। তাই এর রিমেক তৈরি মানে অভিষেকের কাছে বোকামি মনে হয়। আর এ বিষয়ে তাঁর স্ত্রী ঐশ্বরিয়াও একমত। এই সিনেমায় অসাধারণ অভিনয় করে জয়া বচ্চন অর্জন করেছিলেন সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অমিতাভ ও জয়ার এই ছবির কথা দর্শকেরা আলাদাভাবে মনে রেখেছেন। এই ছবির জনপ্রিয়তা ও আবেদনকে ছাড়িয়ে যাওয়া সহজ নয়। এ জন্যই হয়তো ‘অভি-অ্যাশ’ এই ছবির রিমেক হোক, তা চান না।

অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে অভিনয় করেছেন ‘কুছ না কাহো’, ‘উমরাও জান’, ‘ধুম ২ ’ ও ‘গুরু’ সিনেমায়। এই তারকা দম্পতিকে বড় পর্দায় একসঙ্গে শেষ দেখা গেছে ২০১০ সালে মণি রত্নমের ‘রাবণ’ ছবিতে। ছবির সেটেই তাঁদের পরিচয়। সেই থেকে বন্ধুত্ব ও প্রেম। কয়েক বছর প্রেম করার পর ২০১২ সালে ‘অভি-অ্যাশ’ সাত পাকে বাঁধা পড়েন। আরাধ্য বচ্চন তাঁদের একমাত্র সন্তান।
জানা গেছে, নির্মাতা অনুরাগ কশ্যপের নতুন ছবি ‘গুলাব জামুন’-এর জন্যও অভিষেক ও ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ছবির গল্প খুব একটা পছন্দ না হওয়ায় সে প্রস্তাবও বচ্চন দম্পতি ফিরিয়ে দিয়েছেন। তাই এই জুটিকে একসঙ্গে দেখতে চাইলে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।