'অস্কারের পেছনে ছুটছি কেন'

ভারতের শক্তিমান অভিনেতা নাসিরউদ্দিন শাহ প্রশ্ন তুলেছেন, কেন আমরা অস্কারের পেছনে ছুটছি? অস্কার যে ভারতীয় চলচ্চিত্রের মোক্ষ হতে পারে না তা বোঝাতে তিনি বলেছেন, ‘হলের দর্শকেরা ছবিটি পছন্দ করল কিনা, সেটাই মূল প্রশ্ন। অস্কার-টস্কার সব পরের কথা।’
আগামী বছর অস্কারের ৮৮ তম আসরে ভারতীয় ছবি হিসেবে ‘কোর্ট’ ছবিটি অংশ নিচ্ছে ‘সেরা বিদেশি চলচ্চিত্র’ ক্যাটাগরিতে। এ ছবিটির পরিচালক চৈতন্য তামহান। এটি তামহানের প্রথম ছবিও বটে।
ভারত আজ পর্যন্ত কখনোই অস্কারে সেরা ছবির ক্যাটাগরিতে পুরস্কার পায়নি। শেষবারের মতো অস্কারের সেরা পাঁচের তালিকায় ছিল আশুতোষ গোয়ারিকারের ‘লগন’ ছবিটি। এ ছাড়াও, ‘মাদার ইন্ডিয়া’ ও ‘সালাম বোম্বে’ ছবি দুটিও অস্কারের বিদেশি ছবির ক্যাটাগরির সেরা পাঁচে ছিল।
বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা যখন অস্কারে ‘কোর্ট’ ছবিটির সেরা হওয়ার সম্ভাবনার ব্যাপারে নাসিরউদ্দিন শাহকে প্রশ্ন করছিলেন, তখন এই অভিনেতা বলেছিলেন, ‘আমি বুঝতে পারি না, কেন আমরা (ভারতীয় চলচ্চিত্র শিল্প) অস্কারের পেছনে ছুটছি। আমি অনুভব করছি, ‘‘কোর্ট’’ একটি অসাধারণ ছবি। সাম্প্রতিক সময়ে এত ভালো কোনো ছবি আমি দেখিনি।’ তিনি এও বলেন, ‘আমি মনে করি, ভারতে ছবিটি দর্শকেরা যেভাবে গ্রহণ করেছেন, সেটাই ছবিটির পরিচালক ও সংশ্লিষ্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
‘কোর্ট’ ছবিটি জিতেন মারান্দি নামে একজন লোকশিল্পীর জীবনের সত্যিকার কাহিনি অবলম্বনে নির্মিত। একটি বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত হন জিতেন। ভারতের ৬২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘কোর্ট’ ছবিটি।