'অ্যায় দিল হ্যায় মুশকিল'-ফের ঝামেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর-ঐশ্বরিয়া রাই বচ্চন
রণবীর কাপুর-ঐশ্বরিয়া রাই বচ্চন

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনাঘাঁটিতে পাকিস্তানের হামলার প্রতিবাদে বলিউডে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের ভারতের একটি রাজনৈতিক দল। পাকিস্তানি শিল্পীদের তারা ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার হুমকি দেয়। এরপর তারা হুমকি দেয় সেসব নির্মাতাকে, যাঁরা পাকিস্তানি তারকাদের নিয়ে কাজ করছেন। এবার এই দলটি মাল্টিপ্লেক্স মালিকদের ওপর চড়াও হয়েছে। বলা হচ্ছে, পাকিস্তানি শিল্পী আছে, এমন কোনো ছবি প্রদর্শন করলে সেসব হলের মালিকদের ক্ষতি করা হবে। 

২৮ অক্টোবর করণ জোহর প্রযোজিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখানে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সম্প্রতি এমএনএস দলের টুইটার পেজ থেকে একটি হুমকি দেওয়া হয়েছে। টুইট বার্তায় তারা লিখেছে, ‘যেহেতু এই ছবিতে পাকিস্তানি অভিনেতা আছে, তাই আমরা মাল্টিপ্লেক্সেও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ প্রদর্শন করতে দেব না। মাল্টিপ্লেক্সের মালিকদের পাকিস্তানি শিল্পীদের ছবি প্রচার করা থেকে বিরত থাকতে হবে।’
আরেকটি বার্তায় এই দলের এক নেতা লিখেছেন, এই ছবি প্রচার করলে মাল্টিপ্লেক্সের কাচের দেয়াল ভেঙে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে হল মালিক ও ছবির নির্মাতা উভয় পক্ষই আতঙ্কিত বোধ করছেন। তাঁরা পুলিশি নিরাপত্তা চেয়েছেন।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ আরও অভিনয় করেছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অানুশকা শর্মা। হিন্দুস্থান টাইমস।