'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর প্রচারে কেন নেই ঐশ্বরিয়া?

আর মাত্র দুই সপ্তাহ পরই মুক্তি পেতে যাচ্ছে করণ জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। কিন্তু রণবীর কাপুরকে ছাড়া এই ছবির আর কোনো তারকাকেই দেখা যাচ্ছে না ছবির প্রচারে। আনুশকা শর্মা চাইলেও এর প্রচারে থাকতে পারছেন না। কারণ, তিনি এখন ইমতিয়াজ আলীর ‘দ্য রিং’ ছবির শুটিংয়ে হাঙ্গেরিতে রয়েছেন। আরেক অভিনেতা ফাওয়াদ খান এখন আছেন পাকিস্তানে। তা ছাড়া পাকিস্তানি শিল্পী বলে ফাওয়াদের এই ছবিতে থাকাই এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রচারে থাকা তো দূরের কথা, কিন্তু ঐশ্বরিয়া কেন নেই প্রচারে? সম্প্রতি পাওয়া গেছে এর উত্তর।
ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই ছবিতে আনুশকা শর্মা মূল অভিনেত্রী। পার্শ্ব অভিনেত্রী হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর আনুশকাই যেহেতু ছবির প্রচারে অংশ নিতে পারছেন না, তাই ছবির প্রযোজক ঐশ্বরিয়াকেও এর থেকে দূরে রাখার পক্ষে। কারণ, সিনেমার প্রচারে ঐশ্বরিয়াকে ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করতে চান না করণ।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাবে ২৮ অক্টোবর। বলিউড বাবল।