'আওয়ারা হুঁ' চীনে দারুণ জনপ্রিয়

সময়টা ১৯৫১ সাল। ছবির নাম ‘আওয়ারা’। সাদাকালো। গল্পটা উপমহাদেশের চিরন্তন—গরিবের ছেলের সঙ্গে ধনীর মেয়ের প্রেম। ছবিতে গরিব রাজ (রাজ কাপুর) আর ধনী রীতা (নার্গিস)-র প্রেম হয়। পরিচালক ছিলেন রাজ কাপুর স্বয়ং৷ সংগীত পরিচালনায় ছিলেন শংকর-জয়কিষাণ৷ এই ছবিটি শুধু উপমহাদেশে নয়, চীন দেশেও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ওই সময়ে৷ এই ছবির গান ‘ম্যায় আওয়ারা হুঁ’ এবং অভিনেতা রাজ কাপুর চীন দেশে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল সেই সময়।
রাজনীতির বিচারে সময়টা ছিল পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্বের রাজনৈতিক পালাবদলের। সোভিয়েত ইউনিয়ন বেরিয়ে আসছে স্ট্যালিনিজমের খোলস ছেড়ে। এমন সময়েই রাজ কাপুর এলেন তার মনভুলো, ভাবনাহীন ভবঘুরের চরিত্রটি নিয়ে। তার গান ‘আওয়ারা হু’ যেন মানবতার অর্থ নতুন করেই ভাবতে শেখাল বিশ্ববাসীকে। গানটি শুধু সুর কিংবা গায়কির কারণে নয়, বিশ্ব মানবতাকে তুলে ধরা কথা এবং গভীরতার কারণেও হয়েছে সমাদৃত। গতানুগতিক জীবনের ছন্দে আটকে থাকা নয়; কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত—এমনই এক বোহিমিয়ান, যে মানুষকে মানুষের মতোই ভাবতে শেখায়।
জানা যায়, গানটির গীতিকার শৈলেন্দ্র প্রথমে রাজিই হননি রাজ কাপুরের প্রস্তাবে। বামপন্থী চিন্তাধারার এই কবি নিজের লেখাকে নিছক বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ সচেতনতার হাতিয়ার হিসেবে ব্যবহারের পক্ষপাতি ছিলেন। হয়তো এ কারণেই বাণিজ্যিক সিনেমায় গান লেখার প্রস্তাব যখন তার কাছে এল, একবাক্যেই ‘না’ করে দিয়েছিলেন নির্মাতাদের। শেষপর্যন্ত রাজি হন ‘আওয়ারা হু’ লিখতে। সে সময়ের বিখ্যাত শিল্পী মুকেশের গাওয়া গানটিতে সুর দেন শংকর-জয়কিষাণ।
তখন থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতপ্রেমীরা সুর মিলিয়েছেন গানটির সঙ্গে। ‘আওয়ারা হু’র সুরের আদলে গান তৈরি করেছে তুর্কি, চীনা এমনকি কানাডীয়রাও।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে সম্প্রতি ‘ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস’ (আইসিসিআর) এবং ‘চায়না সাংহাই ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যাল’-এর মধ্যে একটি চুক্তি হচ্ছে যার উদ্দেশ্য যৌথ উদ্যোগে ‘আওয়ারা’ ছবির একটি থিয়েটার সংস্করণ তৈরি করা৷ এই চুক্তির ফলে ২০১৭ এবং ২০১৮ সালে ভারতবর্ষ এবং চিনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে৷ এই চুক্তির শর্ত অনুযায়ী ‘আওয়ারা’ ছবিটির যৌথ থিয়েট্রিক্যাল রি-প্রোডাকশন তৈরি করা হবে। জানা গেছে এই থিয়েটারটি সমসাময়িক ভারতীয় এবং চীনা দর্শকদের কথা মাথায় রেখে গড়ে উঠবে এই সময়ের পরিপ্রেক্ষিতে।
গত সাড়ে ছয় দশক ধরে ‘আওয়ারা’ চীন দেশে চিহ্নিত হয়েছে সব চেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা হিসেবে৷ বিশেষ করে এই ছবির ‘আওয়ারা হুঁ’ গানটি এখানে ‘আওয়ালা হুঁ’ হিসেবেই প্রত্যেকের মুখে মুখে ঘোরে৷ প্রসঙ্গত, ম্যান্ডারিন ভাষায় ‘র’ শব্দটি অনুপস্থিত ৷
সাম্প্রতিক যে ভারতীয় ছবি চিনের তরুণ প্রজন্মের কাছে অধিক পরিচিত তা হলো ‘থ্রি ইডিয়টস’ ৷ কিন্তু অতীতে ‘আওয়ারা’ যেমন জনপ্রিয় হয়েছিল তেমন মোটেই নয় ৷
চীনের বিপ্লবী নেতা মাও সে-তুং চলে গেছেন অনেক আগেই, কিন্তু তার প্রিয় গান ‘আওয়ারা হু’ আজও ঘুরে ফিরছে চীনাদের মুখে মুখে। আশির দশকের রক গিটারের মূর্ছনার উপস্থিতি লক্ষ্যে করা গেছে ‘আওয়ারা হু’ গানটির চীনা সংস্করণে।
সূত্র: উইকিপিডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইউটিউব।