'আওয়ারা' পান্নু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপসী পান্নু
তাপসী পান্নু

ক্যামেরায় দৃশ্যধারণের কাজ চলছিল আর অঝোরে ঝরছিল কৃত্রিম বৃষ্টি। বলিউডের ছবি ‘বারিষ আউর চওমিন’ ছবির নায়িকা তাপসী পান্নু শুটিংয়ের এই দৃশ্যে যেন হারিয়ে গিয়েছিলেন পঞ্চাশের দশকের বলিউডে। ১৯৫৬ সালে রাজ কাপুরের ‘আওয়ারা’ ছবিতেও এমনই একটি দৃশ্য ছিল যে! শুটিংয়ের মুহূর্তে তাঁর মন চলে গিয়েছিল ‘আওয়ারা’ ছবির সেই দৃশ্যে।
বাস্তবেও ‘বারিষ আউর চওমিন’ ছবির ওই দৃশ্যটি যাতে নিখুঁত হয় সে জন্য বহুবারই পান্নুকে দেখতে হয়েছে ‘আওয়ারা’ ছবির একই রকমের সেই দৃশ্য। ‘বারিষ আউর চওমিন’ ছবির এ দৃশ্যে অঝোর বৃষ্টির ভেতরে সহশিল্পী অমিতের সঙ্গে হেঁটে যাওয়ার কথা এই অভিনেত্রীর। দৃশ্যধারণ নিখুঁত হওয়ার জন্য পান্নু এতবার ‘আওয়ারা’ ছবির ওই দৃশ্য দেখেছেন যে, মনের ভেতর আঁকাই হয়ে গিয়েছিল তা। ফলে মাত্র একবার ক্যামেরা রোল করেই দৃশ্যধারণের কাজটি হয়ে গিয়েছিল। এ নিয়ে ছবির পরিচালকও দারুণ খুশি।
তাপসী পান্নু এ প্রসঙ্গে বলেছেন, ‘বলিউডের চিরাচরিত বৃষ্টিভেজা রোমান্টিক গানের দৃশ্যে এবারই প্রথম কাজ করলাম। শুটিংয়ের সময় মনটা হঠাৎ করেই চলে গিয়েছিল ‘আওয়ারা’ ছবির সেই দৃশ্যে।’ তিনি বলেন, আমি বিশ্বাস করি, প্রত্যেক অভিনয়শিল্পীরই উচিত ‘আওয়ারা’ সিনেমাটি দেখা। দৃশ্যটা খুব গতানুগতিক মনে হতে পারে। কিন্তু এত বছর আগে ওটাই ছিল একটা জাদুকরী দৃশ্য।’
‘বারিষ আউর চওমিন’ ছবিটি পরিচালনা করছেন তিগমাংশু ঢুলিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেস।