'আচার' ছাড়া নড়েন না প্রিয়াঙ্কা!

ভাবছেন আরে সে তো ঠিকই! শিষ্টাচার থেকে শুরু করে সকল আচারই তো মানুষকে ভব্য-সভ্য-সামাজিক করে। আর প্রিয়াঙ্কা চোপড়া বলে কথা। এক সময়ের ডাকসাইটে এ বিশ্ব সুন্দরী তো এমন হবেনই। কিন্তু সমস্যা হচ্ছে— এ আচার যে আসলে সে আচার নয়। আর প্রিয়াঙ্কাকে দেখে যেমন মনে হয় যে, স্রেফ সালাদ আর স্যুপ খেয়েই এ মোহন সৌন্দর্য ধরে রেখেছেন ‘পিগি চপস’; সেটাও একদমই ঠিক নয়। বাড়িতে থাকলে তাঁর প্রিয় খাদ্যের তালিকা শীর্ষে নাকি পাকোড়া থাকবেই। আর সবচেয়ে জরুরি কথা হলো, আচারের বয়াম ছাড়া নাকি প্লেনেই পা দেন না প্রিয়াঙ্কা।
প্রায়ই লস অ্যাঞ্জেলেস যান উড়ানে। প্রায়শই যাওয়া হয় তাঁর। সেসময় তাঁর ভ্রমণের বাক্সে নাকি দিব্যি মাথা গুঁজে থাকে বুয়ার বানানো আম বা আমলকীর আচারের বয়াম। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে-প্রিয়াঙ্কার পছন্দের আচারের তালিকায় আম আর আমলকী তো আছেই পাশাপাশি লাল লঙ্কার আচারও তাঁর খুব প্রিয়। তবে সবচেয়ে পছন্দের নাকি সবুজ মরিচ আর কাসুন্দির আচার।
আগামী কয়েক মাস শুটিংয়ের কাজে মন্ট্রিলে থাকছেন ‘পিগি চপস’। নিশ্চিত কয়েক মাসের রসদ হিসেবে গোটা দশেক আচারের বয়ামও এখন তাঁর সঙ্গে মন্ট্রিলেই গেছে। মন্ট্রিলবাসীর কারো আচার খেতে ইচ্ছে করলে তাঁর কাছে চেয়ে দেখতে পারেন। আরেকটা কথা বলা জরুরি। প্রিয়াংকা কিন্তু লেবুর আচার একদমই পছন্দ করেন না। সেক্ষেত্রে ভুলেও যেন তাঁর কাছে আবার লেবুর আচার চেয়ে বসেন না!