'আতঙ্কিত' রাধিকা

ঠিক ট্রেলারও নয়, মুক্তি দেওয়া হয়েছে ‘টিজার’। আর তা দেখেই নাকি রাতে ঘুমাতে পারছেন না অনেকে! কয়েক সেকেন্ড দেখেই যদি এই দশা হয়, তা হলে পুরো সিনেমা দেখলে কী হবে, ভাবুন একবার!
অহল্যা থেকেই রাধিকা আপ্তের জয়যাত্রাই যেন চলছে। বদলাপুর, মানঝি দ্য মাউন্টেনম্যান, হান্টার দিয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার প্রশংসা কুড়াচ্ছেন থ্রিলারপ্রেমীদের। নতুন ছবি ফোবিয়ার টিজার দিয়েই যেমন চলে এসেছেন আলোচনায়।
ভয়ের ছবি মানেই যেন ভূতপ্রেত হতে হবে, এমন কোনো কথা নেই। বলিউডকে সেই বৃত্ত থেকে যেন বের করে আনতে চাইছেন নতুন পরিচালক পবন কৃপালানী। ভয়ের ছবির বিষয়বস্তু হিসেবে তিনি বেছে নিয়েছেন ‘ফোবিয়া’কেই। ছবিতে রাধিকা এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যিনি ‘প্যানিক ডিজঅর্ডার’ রোগে আক্রান্ত। জনসমক্ষে আসতেও যাঁর ভয়।
ফোবিয়া নিয়ে সচেতনতা তৈরিতেও কাজ করবে ছবিটি। ছবির প্রচারণায় ১০-১২টি ভিডিও মুক্তি দেওয়া হবে, যেখানে বিভিন্ন ফোবিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে দর্শকদের। প্রথম টিজারে রাধিকাকে দেখা গেছে মাকড়সা নিয়ে একটি ছড়া আবৃত্তি করতে। প্রথম পাঠ অ্যারাকনোফোবিয়া নিয়ে, যার অর্থ মাকড়সা-ভীতি।
সূত্র: জি নিউজ