'আত্মবিশ্বাসী' মানুষটির দেখা পেয়েছেন বিপাশা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা বসু
বিপাশা বসু

তবে কী তাঁর কাঙ্ক্ষিত আত্মবিশ্বাসী সেই মানুষটির দেখা পেয়েছেন বিপাশা বসু? করণ সিং গ্রোভারই কী তবে সে মানুষটি! বিপাশার যন্ত্রণা আর একাকিত্বকে যিনি বন্ধুর ভালোবাসায় মুছে শক্তি আর সাহস যুগিয়ে আজ তাঁর মনের খুব কাছে এসে পৌঁছেছেন! বিপাশার এক সাম্প্রতিক টুইট কিন্তু তেমনটিই বলছে।

বিপাশা বসুর এক টুইট বার্তায় করণ সিং গ্রোভারের প্রতি তাঁর গভীর আস্থা আর ভালোবাসাই যেন ফুটে উঠেছে। টুইটে বিপাশা লিখেছেন— সত্যিকারের বন্ধু এমনই একজন যে তোমার দিকে হাত বাড়িয়ে দেয়, তোমার হৃদয় স্পর্শ করে।’ বিপাশা তাঁর টুইটে এরপর লিখেছেন— ‘থ্যাঙ্ক ইউ কেএসজি।’ এই ‘কেএসজি’ আর কেউ নন; করণ সিং গ্রোভার।

কথা প্রসঙ্গে বিপাশা বসু একবার বলেছিলেন— আত্মবিশ্বাসী একজন পুরুষকেই তিনি তাঁর জীবনে চান। বেশ কিছুদিন ধরেই রিয়েলিটি শো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান আর আয়োজনে যখনই বিপাশা এসে উপস্থিত হয়েছেন তাঁর সঙ্গে ছায়ার মতোই আছেন সুঠামদেহী করণ সিং গ্রোভার।

‘অ্যালোন’ ছবিতে বিপাশা বসুর সঙ্গে জুটি বেঁধেছিলেন মডেল ও অভিনেতা করণ সিং গ্রোভার। এ ছবিতে তাঁদের অভিনয়ের আবেগ যেন তাঁদের বাস্তব সম্পর্কের ঘনিষ্ঠতাকেই ফুটিয়ে তুলেছিল। আর ঠিক এই ছবির পর থেকেই পর্দার বাইরেও তাঁদের ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে নানা খবর রটেছে।

‘অ্যালোন’ ছবির পর বলিউডের আর কোনো নতুন ছবিতেই নেই বিপাশা বসু। মাঝে একবার ডিজাইনার বিক্রমের ছবিতে কাজের কথা উঠলেও তা আর এগোয়নি। কাজেই বিপাশা এখন বলিউডের রং আর জেল্লার বাতাবরণ থেকে অনেকটাই দুরে। একা? সম্ভবত নন। বিপাশার ‘ভালো বন্ধু’ অ্যালোন ছবির জুড়ি করণ সিং গ্রোভার যে তাঁর পাশেই আছেন।

জন আব্রাহামের সঙ্গে দীর্ঘদিনের অনন্যমধুর সম্পর্কটির ইতি ঘটার পর তা প্রায় বছর পাঁচেকই তো হতে চলল। বাঙালি বংশোদ্ভূত বলিউডের তারকা অভিনেত্রী বিপাশা বসু সে বিচ্ছেদের যন্ত্রণা হয়তো সামলে উঠেছেন। এর মধ্যে সংবাদমাধ্যমগুলোর কানাঘুষায় ‘সিঙ্গল’ বিপাশার সঙ্গে তবুও নানা খবরে মাঝে মাঝেই নানা জনের নাম জড়িয়ে গেছে। প্রেম বা প্রণয়ে বিপাশার নামের সঙ্গে নাম জড়িয়েছে ব্রিটিশ অভিনেতা জশ হার্নেট থেকে শহীদ কাপুরেরও। কিন্তু করণ সিং গ্রোভার যেন বিপাশার ছায়াসঙ্গী। তিনি আছেন সব সময়, বিপাশার পাশেই আছেন করণ সিং গ্রোভার।