'আধেক প্রেমিকা'র দুজন দাবিদার!

‘গার্লফ্রেন্ড’ও নয়; ‘হাফ গার্লফ্রেন্ড’। সেটি হওয়ার জন্য রীতিমতো লড়াইয়ে নেমেছেন শ্রদ্ধা কাপুর ও পরিণীতি চোপড়া। আধেক প্রেমিকা হওয়ার জন্য এত ব্যাকুল কেন তাঁরা? এক মালিকে নিয়ে দুই ফুলের এই কাড়াকাড়ির মহা সৌভাগ্যবান সেই প্রেমিকটাই বা কে? কেউ নয়, এটি নির্মাণের অপেক্ষায় থাকা একটি চলচ্চিত্র। মোহিত সুরি পরিচালক, কাহিনি নেওয়া হয়েছে চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড উপন্যাস থেকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন শ্রদ্ধা আর পরিণীতি এত ব্যাকুল।
থ্রি ইডিয়টস–এর সাফল্যের পর চেতনের আরও কয়েকটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র হয়েছে। কাই পো ছে, টু স্টেটস। গত বছর সালমান-জ্যাকুলিনের কিক-এর চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। এমন সোনার ডিম পাড়া হাঁস কেই–বা ছাড়তে চায়। মজার ব্যাপার হলো, মোহিত প্রথমে কৃতি শ্যাননের কথা ভেবেছিলেন। কিন্তু কৃতি অন্য আরেকটি ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ায় সরে গেছেন। এই সুযোগটাই কাজে লাগাতে মরিয়া শ্রদ্ধা আর পরিণীতি। কিন্তু গল্পে নায়িকার চরিত্র তো একটাই! অবশ্য পরিণীতি বেশ কিছুদিন ধরে একরকম বেকার জীবনযাপন করছেন। তাই তাঁর তাগিদটাই হয়তো বেশি। মিড-ডে।