'আন্দাজ আপনা আপনা' নিয়ে রাভিনার ভাবনা…

রাজকুমার সন্তোষীর ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। আমির খান, সালমান খান, রাভিনা টেন্ডন এবং কারিশমা কাপুর অভিনীত সেই ছবিটি সেরা হিন্দি কমেডি ছবিগুলোর মধ্যে অন্যতম। এই সিনেমার অভিনেত্রী রাভিনা মনে করেন, ‘আন্দাজ আপনা আপনা’-এর মতো ধ্রুপদি ছবি নতুন করে নির্মাণ না করাই ভালো, বরং এই ছবিটিকে কার্টুন ছবির আদলে পুনর্নির্মাণ করা যেতে পারে।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের নিজের এমন মতের কথা জানান ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। ‘আন্দাজ আপনা আপনা’-এর কোনো বলিউড সিক্যুয়াল না করে বরং এটিকে কার্টুন ছবির আঙ্গিকে তৈরি করলেই আমি বেশি খুশি হব। আমি বিশ্বাস করি একটি ছবি যখন ক্ল্যাসিক ছবির মর্যাদা লাভ করে তখন সেটিকে পুনর্নির্মাণ করা খুব একটা ভালো বুদ্ধি নয়’, বলেন তিনি।
জনপ্রিয় এই ছবিতে সালমান, আমির, কারিশমা এবং নিজের রসায়নকে সব মিলিয়ে ‘অন্য এক জাদু’ বলে আখ্যা দেন রাভিনা টেন্ডন।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনার ঝুলিতে আছে ‘মোহরা’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘জিদ্দী’, ‘দিলওয়ালে’-এর মতো অনেক সফল চলচ্চিত্র।
দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকলেও গত বছর অনুরাগ কশ্যপের ‘বোম্বে ভেলভেট’-এর মাধ্যমে প্রত্যাবর্তন হয় তাঁর, এখানে তাঁকে একজন জ্যাজ শিল্পীর চরিত্রে দেখা যায়।
ভালো চরিত্র পেলে নতুনদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলে জানান রাভিনা। নবাগত অমিত বশিষ্টের সঙ্গে ‘সাব’ নামের একটি ছবিতে কাজ করছেন এখন, এই ছবির পরিচালক অনির। এ ছাড়াও অনুরাগ কশ্যপের পরবর্তী ছবি ‘রিটার্ন গিফট’ এও অভিনয় করার কথা আছে তাঁর। এনডিটিভি।