'আবার রাজেশ হয়ে জন্মাতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজেশ খান্না
রাজেশ খান্না

বলিউড তারকা রাজেশ খান্নার পঞ্চম মৃত্যুবার্ষিকী ১৮ জুলাই। এক বৃষ্টিভেজা দিনে সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন বলিউডের ‘কিং অব রোমান্স’ রাজেশ খান্না। আজও মুম্বাইয়ে সেদিনের মতো বৃষ্টি হচ্ছে। তাঁর স্মৃতিকে ঘিরে চেনার মাঝে অচেনা রাজেশকে খুঁজে পাওয়া।
রাজেশ খান্না বলতেই প্রথমেই মনে আসে সেই বিখ্যাত সংলাপ, ‘পুষ্পা, আই হেট টিয়ারস।’ অথচ একসময় বন্ধ কামরার মধ্যে ফুঁপিয়ে কাঁদতেন এই বলিউড তারকা। যাঁর জন্য তিনি কাঁদতেন, তিনি অমিতাভ বচ্চন। অমিতাভের উত্তরণ সইতে পারেননি বলিউডের ‘কাকা’। একসময় এই অমিতাভকে সবার সামনে চরম হেনস্তা করেছিলেন তিনি। তখন রাজেশ খান্না বলিউডের অলিখিত সম্রাট। এদিকে অমিতাভের সঙ্গে তখন জয়া ভাদুড়ির প্রেমপর্ব চলছে। ‘বাবুর্চি’ ছবির সেটে জয়ার সঙ্গে অমিতাভ রোজ দেখা করতে আসতেন। এসব দেখে খুব বিরক্ত হতেন রাজেশ। তিনি তখন সবার সামনেই অমিতাভকে নানা কটু কথা বলেন। ‘বিগ বি’ সেদিন মুখ বুজে সব সহ্য করেছিলেন। কিন্তু ঠোঁটকাটা স্বভাবের জয়া বলিউড সুপারস্টারের মুখের ওপর সেদিন বলেন, ‘আজ যাকে তুমি সবার সামনে হেনস্তা করছ, কাল সে তোমার থেকে বড় তারকা হয়ে দেখিয়ে দেবে।’ পরে জয়ার এ কথাই সত্যি হয়েছে, এ কথা তো সবারই জানা। জানা যায়, এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যখন রাজেশ খান্নাকে ছেড়ে সবাই ‘বিগ-বি’কে ঘিরে ধরে, তখন রাগে-অপমানে ফেটে পড়েন তিনি। বাড়ি ফিরে দরজা বন্ধ করে কাঁদতে থাকেন রাজেশ।
রাজেশ খান্নার আসল নাম যতীন খান্না। তাঁর কাকা তাঁকে নতুন নাম দেন ‘রাজেশ’। ১৯৬৫ সালে মুম্বাইয়ে ইউনাইটেড ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতার মঞ্চে রাজেশ খান্না ও বিনোদ মেহরা একই সঙ্গে ছিলেন। দুজনের হাসিই সবার হৃদয় জয় করে। কিন্তু সেদিন শেষ হাসিটা হেসেছিলেন রাজেশ। বিনোদ এই প্রতিযোগিতায় দ্বিতীয় হন। রাজেশ ও অভিনেতা জিতেন্দ্র একই স্কুলে পড়াশোনা করেছেন। ওই সময় ইন্টার স্কুল নাটকে দুজনেই অংশ নেন। অভিনয়ের ব্যাপারে রাজেশ জিতেন্দ্রকে নানা পরামর্শ দিতেন। তিনি জিতেন্দ্রকে অভিনয়ের ব্যাপারেও উৎসাহিত করতেন।
বলিউডে রাজেশ খান্নার একের পর এক হিট ছবি দেখে তখন ভারতে অধিকাংশ ছেলের নাম রাখা হতো ‘রাজেশ’। এমনকি এ কথাও প্রচলিত ছিল, ‘ওপর আকা, অর নিচে কাকা’, অর্থাৎ ওপরে ভগবান, আর নিচে কাকা (রাজেশ খান্নার ডাক নাম)। এমনকি এই বলিউড নায়ক তাঁর সংগ্রামের সময় প্রযোজকদের কাছে কাজ চাইতে যেতেন দামি ‘ইমপালা’ গাড়ি চড়ে। সেই গাড়িতে করে তিনি প্রযোজকদের নামীদামি রেস্তোরাঁতে খাওয়াতেও নিয়ে যেতেন। রাজেশ তখন যে গাড়িতে চড়তেন, অনেক বড় বড় বলিউড তারকার কাছেও সেই গাড়ি ছিল না। বলিউডের ‘কিং অব রোমান্স’ মহিলাদের মধ্যে ভীষণ জনপ্রিয় ছিলেন।
কলেজজীবন থেকে রাজেশ খান্নার সঙ্গে অঞ্জু মহেন্দ্রর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সবাই জানতেন, তাঁদের দীর্ঘ সাত বছরের প্রেম বিয়ে অবধি গড়াবে। কিন্তু না, এক ঝটকায় তাঁদের ভালোবাসার সম্পর্কের ইতি ঘটে। রাজেশের জীবনে আসেন ডিম্পল কাপাডিয়া। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মুম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার পথে বিমানে পাশাপাশি বসেন রাজেশ, আর ডিম্পল। তখন তিনি সুপারস্টার, আর ডিম্পল নবাগত। ডিম্পল তখন সবে ‘ববি’ ছবির শুটিং শুরু করেছেন। রাজেশ তখন তাঁকে চেনেন শুধু রাজ কাপুরের ছবির নায়িকা হিসেবে। প্রথম দেখাতেই ষোড়শী ডিম্পলের প্রেমে পড়ে গিয়েছিলেন রোমান্সের কিং। ‘ববি’ মুক্তির ছয় মাসের মধ্যে ঘটা করে বিয়ে হয় এই দুই বলিউড তারকার।
শোনা যায়, একবার রাজেশ খান্না অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। বলিউডের অনেক চিত্রনির্মাতা অসুস্থতার বাহানায় ওই হাসপাতালে তাঁর ঘরের আশপাশের ঘরগুলোতে থাকতে শুরু করেন, তাঁকে ছবির চিত্রনাট্য শোনাবেন বলে। তবে অনেকে মনে করেন, রাজেশ খান্নার এই সফলতার পেছনে গায়ক কিশোর কুমার এবং সংগীত পরিচালক আর ডি বর্মণের অনেকটা অবদান রয়েছে। কিশোর কুমার এই বলিউড নায়কের ৯১টি ছবিতে গান গেয়েছেন। আর রাহুল দেব বর্মণ তাঁর অভিনীত ৪০টি ছবির গানে সুর দিয়েছেন।
বলিউডের অনেকেই মনে করেন, রাজেশের পতনের কারণ তিনি নিজেই। অসংযম জীবনযাপন, অহংকার, বদমেজাজ, কাজের প্রতি নিষ্ঠার অভাবই তাঁকে একা করে দিয়েছিল। রাজেশের নাম, খ্যাতি, প্রতিপত্তি, অনুরাগী, এমনকি পরিবার একে একে সবাই তাঁকে ছেড়ে চলে যায়। তবুও তিনি নিজের দুনিয়ায় খুব খুশি ছিলেন। বলিউডের প্রথম সুপারস্টার বলেছিলেন, ‘আবার যদি সুযোগ আসে, আমি রাজেশ খান্না হয়েই জন্মাতে চাই এবং একই ভুলগুলো আবার করতে চাই।’