'আমাদের নিয়ে তামাশা করবেন না'

‘সঞ্জু’ ছবি মুক্তি পাবে ২৯ জুন। বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে তিনি দারুণ ব্যস্ত। প্রায় প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। আর বারবার তাঁকে কিছু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এই প্রশ্নগুলো আরেক বলিউড তারকা আলিয়া ভাটকে ঘিরে। আলিয়ার সঙ্গে আপনার কী ধরনের সম্পর্ক? আপনারা প্রেম করছেন? আপনারা বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন? শুরুতে বাগদান, নাকি সরাসরি বিয়ে? আপনার মা-বাবা আলিয়াকে মেনে নিয়েছেন? ভাট পরিবার আপনাদের ব্যাপারে কী বলছে? আপনারা একসঙ্গে থাকছেন?—এমনই নানা প্রশ্ন। এসব প্রশ্ন শুনতে শুনতে এখন খুবই বিরক্ত রণবীর কাপুর। কখনো এই বিরক্তি ফুটে ওঠে তাঁর চেহারায়, আবার কখনো বলেন, ‘পরের প্রশ্ন, প্লিজ।’ পরের প্রশ্নটিও যখন একই ধরনের হয়, তখন তাঁর আর কিছু করার থাকে না।

রণবীর কাপুর এবার খুব সাবধান! ‘প্লেবয়’ ইমেজের জন্য তিনি এরই মধ্যে যথেষ্ট সমালোচিত হয়েছেন। অনেক ভুল করেছেন। আর ভুল নয়। তাই এবার থিতু হওয়ার চেষ্টা করছেন। কাজে মন দিয়েছেন। কাজ ভালো হলে তার ফলাফল যে হাতেহাতে মেলে, তার কিছু প্রমাণ এরই মধ্যে পেয়েছেন তিনি।
বলিউডে কাছের মানুষজনের মতে, রণবীর এখন অনেক পরিণত। ‘সঞ্জু’র এক প্রচারণা অনুষ্ঠানে রণবীর কাপুর বলেন, ‘আমি আগের চেয়ে অনেক অভিজ্ঞ হয়েছি। সম্পর্কের যথাযথ মর্যাদা দিতে শিখেছি।’ ঠিক তাই, কাজের পাশাপাশি এবার নিজের ব্যক্তিগত জীবনকেও তিনি গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্যে আলিয়া ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক ক্রমেই গাঢ় হচ্ছে। এ ক্ষেত্র রণবীরের চাওয়া, তাঁদের এই সম্পর্ক নিয়ে কেউ যেন জল ঘোলা না করে। স্পষ্ট করে বললেন, ‘আমাদের সম্পর্ককে উপহাস বানিয়ে দেওয়া হোক, তা আমরা চাই না। প্লিজ, আমাদের সম্পর্ক নিয়ে তামাশা করবেন না।’

রণবীর আরও বললেন, ‘সময় হলে সবকিছু জানতে পারবেন।’
ইদানীং সব জায়গায় রণবীর কাপুর আর আলিয়া ভাট একসঙ্গেই হাজির হন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষে বাড়ি ফিরেছেন একই সঙ্গে। এই ছবির শুটিংয়ে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। এমনকি রণবীরের বড় বোন রিধিমার কাছ থেকে উপহার পেয়েছেন আলিয়া। হাজির হন কাপুরদের সঙ্গে পারিবারিক নৈশভোজে। আর রণবীর কাপুরের মা নিতু সিংয়ের সঙ্গে এখন থেকেই ভাব জমিয়ে ফেলেছেন এই নায়িকা। কিছুদিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে নিতুকে ‘মা’ বলে ডেকেছেন আলিয়া।
বিয়ে নিয়ে আলিয়া সম্প্রতি বলেন, ‘আমি জীবনেও কোনো কিছু খুব পরিকল্পনা করে করিনি। বিয়েও বোধ হয় তেমনি হুট করে হয়ে যাবে। আমার বন্ধুরা চায়, আমি যেন ৩০-এর পর বিয়ে করি। কিন্তু আমার ইচ্ছা এর আগেই বিয়ে করব।’

ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘২৫-এ পা দিয়েছি বলেই কি না জানি না, ইদানীং শিশুদের নাম ভাবতে শুরু করেছি। আমি নিজেই তো একটা বাচ্চা। কিন্তু আজকাল বাচ্চাদের নাম আমাকে খুব আকর্ষণ করছে।’
জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির আলিয়া এখন ব্যস্ত ‘কলঙ্ক’ ছবি নিয়ে। এরপর বরুণ ধাওয়ানের সঙ্গে ‘রণভূমি’র শুটিং করবেন।