'আমি আকণ্ঠ মদ্যপান করতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদ সম্মেলনে কপিল শর্মা। ছবি: ফেসবুক
সাংবাদ সম্মেলনে কপিল শর্মা। ছবি: ফেসবুক

দীর্ঘ অবসাদ কাটিয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সামনে এলেন জনপ্রিয় সঞ্চালক এবং কমেডিয়ান কপিল শর্মা। সনি টিভির জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ সঞ্চালনা করে খ্যাতির তুঙ্গে উঠে যান তিনি। কিন্তু গত কয়েক মাস নানা ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েন। তাঁর সহ-অভিনেতা সুনীল গ্রোভারকে ফ্লাইটে জুতো খুলে মারা; শাহরুখ খান, অনিল কাপুরসহ বলিউড তারকাদের অপেক্ষায় রেখে শুটিংয়ে না আসা—এ ধরনের নানা অভিযোগ আসে কপিলের বিরুদ্ধে। অনেকের মতে, খ্যাতির চূড়া থেকে পতনের অতল সাগরে ক্রমে তলিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই সঞ্চালক। তবে এবার কপিল সব প্রশ্নের জবাব নিয়ে হাজির ছিলেন তাঁর আগামী ছবি ‘ফিরাঙ্গি’র ট্রেলার মুক্তির অনুষ্ঠানে। এতগুলো মাস তিনি কেন অন্তরালে চলে গিয়েছিলেন, তা আজ জানালেন কপিল।

মুম্বাইয়ের জুহুর পিভিআরে মুক্তি পেয়েছে কপিল শর্মা প্রযোজিত এবং অভিনীত ছবি ‘ফিরাঙ্গি’। ছবির ট্রেলার মুক্তির পর সাংবাদিকদের মুখোমুখি হন কপিল। সাংবাদিকদের প্রশ্ন শোনার আগেই কপিল রীতিমতো সাফাইয়ের সুরে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে জানান। ছোট পর্দার জনপ্রিয় এই সঞ্চালক বলেন, ‘আমি জানি, আমাকে নিয়ে নানা রটনা রটেছে। আর যার ফলে আমি রীতিমতো অবসাদে চলে যাই। আমি এই চাপ নিতে পারিনি। তবে আজ আমি সবকিছু খোলাখুলি জানাব। আর এই ঘটনার সূত্রপাত হয় অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে। আজ সেই ঘটনার কথাই বলব।’

কপিল আরও বলেন, ‘পাঞ্জাবে আমার ছবির শুটিং চলাকালীন একজন অভিনেতা হঠাৎ মারা যান। আমি তখন মানসিকভাবে ভেঙে পড়ি। ঠিক তারপরই অস্ট্রেলিয়ায় আমার অনুষ্ঠান ছিল। আমি যেতে চাইনি। কিন্তু বাধ্য হয়ে যাই। সেখানে শো শুরু হওয়ার আগে নানা ঘটনা ঘটে। ছোটবেলার বন্ধুর সঙ্গে ঝগড়া হয়। তাই সবকিছু মিলিয়ে খুবই বিপর্যস্ত ছিলাম। এরপর অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে ফ্লাইটে অন্য বন্ধুর সঙ্গে বচসা হয়। সেই সময় সুনীল আমাকে চুপ করতে বলে। কিন্তু জানি না কী করে রটে যায় আমি নাকি সুনীলকে জুতো খুলে মেরেছি।’

‘ফিরাঙ্গি’ ছবির দৃশ্য
‘ফিরাঙ্গি’ ছবির দৃশ্য

এ প্রসঙ্গে কপিল আরও বলেন, ‘সুনীলের সঙ্গে আমার ঝগড়া হয়নি। ওর সঙ্গে আমার নয় বছরের সম্পর্ক। আমরা পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছি। আমার শোর সবচেয়ে প্রিয় অভিনেতা সুনীল। আমি ওকে ভীষণই ভালোবাসি। তাই সুনীলের সঙ্গে এ ধরনের ব্যবহারের প্রশ্নই নেই। সুনীলের সঙ্গে আবার কাজ করতে চাই। আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আমি ওকে আমন্ত্রণ জানিয়েছি। সুনীল পাঞ্জাবি ভাষায় মেসেজ করে জানায় যে এখন কানাডায় আছে।’

বলিউড তারকাদের অপেক্ষা করিয়ে শুটিং বাতিল করার প্রসঙ্গে কপিল বলেন, ‘সুনীলের সঙ্গে আমার এই মিথ্যা খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। যার ফলে আমি খুব ভেঙে পড়ি। শাহরুখ ভাইয়ের জন্য আমি নিজেই অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। কিন্তু শুটিং শুরু আগে আমি অসুস্থ হয়ে পড়ি। তাই শুটিং বাতিল করতে হয়। শাহরুখ ভাই আমার সঙ্গে পরে এসে দেখা করেন। তিনি আমাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। অনিল কাপুরও আমার পরিস্থিতি উপলব্ধি করেছিলেন। তিনি আমাকে মেসেজ দিয়েছেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘নানা ভিত্তিহীন খবরে আমি অবসাদগ্রস্ত হয়ে পড়ি। বেঙ্গালুরুতে যাই চিকিৎসা করাতে। তারপর নিজেকে তিন মাসের জন্য ঘরবন্দী করে ফেলি। তখন আমি আকণ্ঠ মদ্যপান করতাম। মনে হয়েছিল, আমি কাউকে খুন করেছি। সমগ্র দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ আমি আমার ছবির মাধ্যমে মূল স্রোতে ফিরে এসেছি। তবে সবকিছু কাটিয়ে উঠতে আরও সময় লাগবে।’

সালমান খান তাঁর ওপর রেগে আছেন কেন? এই প্রশ্ন এড়িয়ে যান কপিল। বললেন, ‘সালমান খান অনেক বড় তারকা। তিনি আমার ওপর কেন রেগে থাকবেন?’ কপিল নিজের ব্রেকআপ প্রসঙ্গেও কিছু বলেননি।

কপিল শর্মা প্রযোজিত এবং অভিনীত ছবি ‘ফিরাঙ্গি’ মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। রাজীব ডিংরা পরিচালিত ছবিতে কপিলের বিপরীতে দেখা যাবে ঈশিতা দত্তকে। ছবিটি নির্মাণ করা হয়েছে স্বাধীনতার পূর্বের প্রেক্ষাপট নিয়ে। কপিলকে এ ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করেছেন।