'আমি আর অমিতজিকে কী দেব?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান ও অমিতাভ বচ্চন। ছবি: এএফপি
আমির খান ও অমিতাভ বচ্চন। ছবি: এএফপি

বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মবার্ষকী আজ। বলিউড তারকা আমির খান কয়েক দিন আগে রীতিমতো চিন্তায় ছিলেন যে তিনি তাঁর প্রিয় তারকা অমিতাভ বচ্চনকে ৭৫তম জন্মবার্ষিকীতে কী উপহার দেবেন। সম্প্রতি ‘সিক্রেট সুপারস্টার’ ছবির প্রচারণার সময় সাংবাদিকদের মুখোমুখি হন আমির খান। সেদিন তাঁর আগামী ছবির বাইরেও উঠে এসেছিল নানা প্রসঙ্গ। ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করছেন তিনি। তাই অবধারিতভাবে উঠে এসেছিল অমিতাভ বচ্চনের কথাও। বলিউডের মহাতারকার ৭৫তম জন্মবার্ষিকীতে আমির তাঁকে কী উপহার দিতে চান? জবাবে তিনি বলেন, ‘আমি আর অমিতজিকে কী দেব? ওনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। কারণ, ওনার কাছে সবকিছুই আছে।’

এদিন সাংবাদিকদের মধ্য থেকে তিনটে প্রস্তাব দেওয়া হয়, আমির তাঁর প্রিয় তারকার জন্মদিনে কী কী উপহার দিতে পারেন। প্রথমত, আমির বিগ-বির বাবা হরিবংশ রাই বচ্চনের কোনো কবিতা পাঠ করে তা রেকর্ড করে দিতে পারেন। দ্বিতীয়ত, আমির অমিতাভ বচ্চনের এক ঘণ্টার সাক্ষাৎকার নিতে পারেন। আর এই সাক্ষাৎকারের মাধ্যমে উঠে আসবে অমিতাভ বচ্চনসম্পর্কিত নানা অজানা কথা, এত দিন যা তিনি কাউকে বলেননি। সাক্ষাৎকারটি ইউটিউবে দেখানো হবে। আর তৃতীয় উপহার বিগ-বির ৭৫তম জন্মদিনে আমির নিজের তোলা অমিতাভ বচ্চনের ৭৫টি ছবি কোলাজ করে দিতে পারেন।

আমির খান ও অমিতাভ বচ্চন। ছবি: এএফপি
আমির খান ও অমিতাভ বচ্চন। ছবি: এএফপি

আমির হেসে বলেন, ‘এই তিনটে উপহারের মধ্যে আমার প্রথমটাই তাঁর মনে ধরেছে। প্রথম উপহারটা সত্যি দারুণ হবে। তবে দ্বিতীয়টা মনে হচ্ছে, আমি অমিতজিকে উপহার দিচ্ছি না। অমিতজি আমাকে উপহার দিচ্ছেন। আমাকেও না, আপনাদের উপহার দিচ্ছেন বলে মনে হচ্ছে।’ তৃতীয় উপহার প্রসঙ্গে আমির বলেন, ‘আমি আজ পর্যন্ত অমিতজির একটা ছবিও তুলিনি। তাহলে আজ থেকে তোলা শুরু করতে হবে। আর আজ থেকে তোলা শুরু করলেও ৭৫টা হওয়া মুশকিল।’

আমির তাঁর প্রিয় তারকা অমিতাভ বচ্চনের প্রসঙ্গে বলেন, ‘মাল্টাতে আমি এবং অমিতজি “থাগস অব হিন্দোস্তান” ছবির শুটিংয়ের সময় দারুণ সময় কাটিয়েছি। শুটিংয়ের বিরতিতে আমরা প্রচুর আড্ডা দিয়েছি। তিনি এমনিতে বেশি কথা বলেন না। তবে আমার সঙ্গে মন খুলে কথা বলতেন। আমার মনে কৌতূহল একটু বেশি। তাই নানান প্রশ্ন করতাম ওনাকে। তিনি সব কথাই আমাকে বলতেন। এমন অনেক কথা আমার সঙ্গে শেয়ার করেছেন, যা এত দিন কাউকে বলেননি। সিনেমার পাশাপাশি মিউজিক নিয়েও আমরা আলোচনা করতাম। অমিতজি মিউজিক খুব ভালোবাসেন।’ ‘দঙ্গল’ ছবির এই তারকা আরও বলেন, ‘আমি আর অমিতজি মাল্টাতে হেঁটে সিনেমা দেখতে গেছি। এমনকি সঙ্গে কোনো নিরাপত্তারক্ষীও ছিল না।’

আমির খান অভিনীত এবং প্রযোজিত ছবি ‘সিক্রেট সুপারস্টার’ ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে। একটি রক্ষণশীল পরিবারের মেয়ের গায়িকা হওয়ার স্বপ্নপূরণকে ভিত্তি করে ছবির গল্প। আমির ছাড়া ছবির মূল চরিত্রে দেখা যাবে ‘দঙ্গল’ ছবির নায়িকা জাইরা ওয়াসিমকে।