'আমির নিরাপদ, মন্তব্য অনৈতিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউডের অভিনেতা আমির খান জানিয়েছিলেন, ‘কিছু ঘটনার কারণে তিনি শঙ্কিত।’ তিনি আরও জানিয়েছিলেন, তাঁর স্ত্রী কিরণ রাও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভীত হয়ে পড়েছেন। সন্তানদের নিরাপত্তার প্রয়োজনে কিরণ তাঁকে দেশ ছাড়তেও বলেছেন।’

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি (ভারতীয় জনতা পার্টি) আমির খানের এ মন্তব্যকে ‘অমূলক’ উল্লেখ করে জানিয়েছে, ‘আমির খান ভারতে নিরাপদ এবং তাঁর মন্তব্য ভক্তদের জন্য অবমাননাকর।’

আমির প্রসঙ্গে দেশটির সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, ‘আমরা আমিরকে দেশত্যাগ করতে দেব না, তিনি এখানে নিরাপদ। তাঁর (আমির খান) এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য তাঁর ভক্তদের জন্য অমর্যাদাকর।’

‘বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে’ উল্লেখ করে দেশটির আরেক মন্ত্রী কিরণ রিজিজু আমির প্রসঙ্গে বলেছেন, ‘এ ধরনের বিবৃতি অমূলক।’

প্রসঙ্গত, সোমবার রামনাথ গো​য়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমির খান বলেছিলেন, ‘বাড়িতে এই বিষয়টি নিয়ে আমি যখন কিরণের সঙ্গে কথা বলি, সে আমাকে বলছিল, তাহলে কী আমাদের এখন দেশ ছেড়ে চলে যাওয়া উচিত?’

এদিকে, আমির খানের এমন মন্তব্যে অভিনেতা অনুপম খেরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।


তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আমির খানের পক্ষ নিয়ে এর আগে টুইট করেন, ‘বিজেপির উচিত ভয় দেখিয়ে বাক্‌স্বাধীনতা হরণ বন্ধ করা। দেশের নাগরিকদের আশ্বস্ত করতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়ার এটাই সময়।’