'ইনক্রেডিবল ইন্ডিয়া' থেকে বাদ পড়লেন আমির
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রচারদূত ছিলেন বলিউডের তারকা আমির খান। আমির ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। কিন্তু এখন থেকে আর দেখা যাবে না আমির খানকে। ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলিউডের এই তারকা অভিনেতাকে।
ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা গতকাল বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন, আমির খানের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ওই পদে তিনি আর থাকছেন না।
এদিকে পর্যটন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারছেন না। পর্যটন মন্ত্রণালয় সারা দেশে সচেতনতা বাড়ানোর জন্য ওই পদে আমির খানকে নিয়োগ দিয়েছিল। কিন্তু ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, দেশটির সাম্প্রতিক ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার কারণেই আমির খানকে পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের এই পদটি হারাতে হয়েছে।
গত বছরের নভেম্বর মাসে যখন ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে জোর বিতর্ক শুরু হয়। সে সময় আমির খান বলেছিলেন, ‘অবস্থা এমন যে দেশ ছাড়তে চাইছেন তাঁর স্ত্রী কিরণ।’
আমির খানের এমন মন্তব্যের পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপিসহ বিভিন্ন মহল থেকে পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে তাঁকে অপসারণের দাবি উঠেছিল।