'ইরফানের জন্য প্রার্থনা করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
স্ত্রী সুতপা শিকদারের সঙ্গে ইরফান খান
স্ত্রী সুতপা শিকদারের সঙ্গে ইরফান খান
  •  স্ত্রী সুতপা শিকদার টুইট করে জানান ইরফান সম্পর্কে।
  • ‘আমার সবচেয়ে ভালো বন্ধু ও সঙ্গী একজন যোদ্ধা।’
  • ‘ও খুব সুন্দরভাবে এবং দুর্দান্ত ভঙ্গিতে সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে।’

বলিউড তারকা ইরফান খানের স্বাস্থ্য নিয়ে নানা কথা উড়ে বেড়াচ্ছে বিটাউনে। অনেকেই ধরে নিয়েছেন যে তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। এমনকি তাঁর আয়ু নাকি কম। এই জল্পনা-কল্পনা শুরু হয়েছিল গত সোমবার ইরফানের এক টুইটকে কেন্দ্র করে। এই টুইটে তিনি বলেন, ‘আমি এক বিরল রোগে আক্রান্ত।’ ইরফানের এই টুইটকে কেন্দ্র করে জন্ম নেয় তাঁর স্বাস্থ্য সম্পর্কে নানা রটনা। তবে ইরফান সবাইকে অনুরোধ করেন যে তাঁর পরবর্তী টুইটের জন্য অপেক্ষা করতে।

আজ শনিবার ইরফানের স্ত্রী সুতপা শিকদার টুইট করে জানান ইরফান সম্পর্কে। তিনি টুইটে বলেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু ও সঙ্গী একজন যোদ্ধা। ও খুব সুন্দরভাবে এবং দুর্দান্ত ভঙ্গিতে সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে। আপনাদের খুদে বার্তার জবাব এবং ফোনকল নিতে না পারার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি সারা বিশ্ব থেকে সবার প্রার্থনা, উদ্বিগ্নতা ও শুভেচ্ছা বার্তা পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ।’

সুতপা বলেন, ‘আমি ঈশ্বর এবং আমার সাথির কাছে কৃতজ্ঞ যে আমাকেও তাঁরা এক যোদ্ধায় পরিণত করেছেন। এখন আমি এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আর এই যুদ্ধ জয় করা আমার একমাত্র লক্ষ্য। ইরফানের অসংখ্য অনুরাগী ও বন্ধু আমাকে আশাবাদী করে তুলেছেন। আমি নিশ্চিত এই যুদ্ধে আমার জয় হবে। আমি জানি সবার মনে এই খবর নিয়ে জিজ্ঞাসা এবং উদ্বিগ্নতা ক্রমেই বেড়ে চলেছে, কিন্তু ইরফানের কী হয়েছে, এসব কিছু জানার জন্য আমরা যেন আমাদের এনার্জি নষ্ট না করি। আমাদের শুধুই প্রার্থনা করা উচিত।’

এই টুইটে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘সবার কাছে একান্ত অনুরোধ, আপনারা জীবনের ছন্দে তাল মিলিয়ে চলুন। আমার পরিবারও শিগগিরই জীবনের ছন্দে ফিরবে। সবাইকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।’

তবে সুতাপা এই টুইটে জানাননি যে ইরফান কোন বিরল রোগে আক্রান্ত হয়েছে। এখানে একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেল।