'উড়তা পাঞ্জাব' উড়ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিনেই ১০ কোটি আয় করেছে ‘উড়তা পাঞ্জাব’
প্রথম দিনেই ১০ কোটি আয় করেছে ‘উড়তা পাঞ্জাব’

সেন্সর বোর্ড আটকে দিয়েছিল ছবিটিকে। মুক্তি নিয়েই ছিল ব্যাপক সংশয়। আইনি লড়াইয়ের পর অবশেষে গতকাল শুক্রবার ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নির্মাতা ও অভিনেতা কলাকুশলীদের জন্য সুখবর, গতকাল প্রথম দিনেই ‘উড়তা পাঞ্জাব’-এর আয় ১০ কোটি ভারতীয় রুপি ছাড়িয়েছে। বলতে বাধা নেই, ‘উড়তা পাঞ্জাব’ যেন আকাশেই উড়ছে এখন।
মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে নির্মিত ছবিটির প্রথম দিনেই এত আয়ের বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখেছেন সবাই। অনেকেই বলছেন, বিতর্কই ছবিটির প্রচারে ভূমিকা রেখেছে বেশি। ছবিটির প্রতি দর্শকদের কৌতূহলের মাত্রা বাড়িয়েছে।
এমনকি মুক্তির মাত্র দুই দিন আগে ছবির কপি অনলাইনে ছড়িয়ে পড়লেও ছবির জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি। প্রথম দিনের সাফল্য অন্তত তা-ই বলে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এক টুইট বার্তায় লিখেছেন, শুক্রবারটা ভালোই গেছে ‘উড়তা পাঞ্জাব’-এর, সারা দেশের বড় বড় শহরগুলোতেই। বিশেষ করে উত্তর ভারতের দিল্লি-পাঞ্জাব এলাকায়। তিনি আশা করেন, শুক্রবারের মতোই যদি শনি ও রোববার এই সাফল্যের ধারা অব্যাহত থাকে, তবে প্রথম সপ্তাহটা হবে ছবিটার জন্য দারুণ লাভজনক।
প্রথম দিনের সাফল্যে এরই মধ্যে শহিদ কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর খান ও দিলজিত দোসাঞ্জ অভিনীত ছবিটি রেকর্ড করেছে। তরন আদর্শ জানিয়েছেন, ২০১৬ সালে প্রথম দিনে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবিগুলোর মাঝে ছবিটি আছে পঞ্চম স্থানে। প্রথম স্থানে আছে শাহরুখের ‘ফ্যান’ (১৯ কোটি ২০ লাখ রুপি)। এরপর আছে ‘হাউসফুল ৩’ (১৫ কোটি ২১ লাখ), ‘এয়ারলিফট’ (১২ কোটি ৩৫ লাখ) ও ‘বাঘি’ (১১ কোটি ৯৪ লাখ)।
‘উড়তা পাঞ্জাব’-এর সঙ্গে একই দিনে আরও দুটি ছবি মুক্তি পেয়েছে—‘ফাইন্ডিং ডোরি’ ও ‘ধানাক’। দুই ছবিরই প্রথম দিন ছিল গড়পড়তা। বলিউড লাইফ অবলম্বনে দেব দুলাল গুহ।