'এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

চটেছেন শ্রদ্ধা কাপুর। খেপে গিয়ে বলেই ফেললেন, ‘এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি শুধুই গুজব দিয়ে ট্যাবলয়েড ভরানোর জন্য মিথ্যাচার করলে তা মেনে নেওয়া যায় না। এটা খুব অন্যায়।’ এসব শ্রদ্ধা বলেছেন তাঁকে ও অভিনেতা ফারহান আখতারকে ঘিরে ছড়ানো প্রেমের গুজবের প্রতিবাদ করে।
কিছুদিন কয়েকটি ভারতীয় ট্যাবলয়েড ও নিউজ পোর্টালে গুজব ছড়ায়, রক অন টু জুটি ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুরের প্রেম নাকি এতই গভীর হয়ে গেছে যে তাঁরা দুজন এক ছাদের নিচে বসবাস শুরু করেছেন। কিন্তু গুজব ছড়ানোর পরপরই শ্রদ্ধার বাবা শক্তি কাপুর এর প্রতিবাদ করেন। জানান, তাঁর মেয়ে এখনো পরিবারের সঙ্গে আগের ঠিকানাতেই আছেন। বাড়ি ছেড়ে ‘কথিত প্রেমিকের’ সঙ্গে বসবাস শুরু করেননি।
দিন কয়েক পর আরেকটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন শ্রদ্ধাও। খুব রেগে গিয়ে বলেন, ‘দারুণ কষ্ট পেয়েছি আমি। প্রতিদিন হাজারো-লাখো পাঠক একটি লেখা অনেক আস্থা নিয়ে পড়েন, এটা যদি কিছু সাংবাদিক বুঝে সংবাদ লেখেন, তাহলে হয়তো এমন গুজব ছড়াত না। প্রেমের গুঞ্জন কোনো সময়ই আমাকে ভাবায় না। তবে এবার এই মিথ্যাচার আমার জীবনে প্রভাব ফেলেছে। কারণ, এর সঙ্গে আমার পরিবারকে যুক্ত করা হয়েছে।’
এর আগে শ্রদ্ধার সঙ্গে তাঁর সহ-অভিনেতা আদিত্য রয় কাপুর ও বরুণ ধাওয়ানকে জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু শ্রদ্ধার ভাষায় কোনোবারই বিষয়টি এমন বাড়াবাড়ি পর্যায়ে যায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস।