'ওয়াজির' নিয়ে নাখোশ কেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

গম্ভীর-ঋজু এক ‘গ্র্যান্ডমাস্টার’ দাবাড়ু, চলেন হুইলচেয়ারে ভর করে। সবাই তাঁকে ‘পণ্ডিতজি’ নামেই ডাকেন। বিজয় নাম্বিয়ারের ‘ওয়াজির’ ছবিতে এমনই এক চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। কিন্তু ‘ওয়াজির’ ছবির কাজ শেষ হলেও এ ছবির প্রচারের ক্ষেত্রে অমিতাভের অনুপস্থিতি সবাইকে বেশ ধন্দে ফেলেছে। তবে কী কোনো কারণে ওয়াজির নিয়ে নাখোশ হয়েছেন অমিতাভ?
অবশ্য এটাও ঠিক যে, বর্তমানে কলকাতায় সুজয় ঘোষের ‘তিন’ ছবির কাজে ব্যস্ত ‘বড়ে বচ্চন’। যে কারণে নভেম্বরে এ ছবির ট্রেলার প্রকাশের সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। কিন্তু আসলেই কী তাই?
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ ছবির কাহিনিতে শেষপর্যন্ত অভিনেতা ফারহান আখতারকে অমিতাভের চাইতে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই অমিতাভ মনঃক্ষুণ্ন হয়েছেন। আর এ কারণেই ছবির প্রচারের জন্য সময় বের করার ক্ষেত্রে অমিতাভ উদাসীন আচরণ করছেন।
‘ওয়াজির’ মূলত দুই অসমবয়সীর বন্ধুত্বের গল্প। এ ছবির কাহিনিতে পুলিশ কর্মকর্তা ফারহান আখতার লড়েন অদৃশ্য নানা চক্রান্তের বিরুদ্ধে। ‘ওয়াজির’-এ অমিতাভ এবং ফারহান দুজন দুজনকে সহযোগিতা করেন। কিন্তু একটি মহল তাঁদের ব্যর্থ করতে নানা চক্রান্ত করে। টান টান উত্তেজনা আর দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য রয়েছে ‘ওয়াজির’ ছবিটিতে।

এ ছবির বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ছবির নাম নিয়ে শুরুতে ‘দো’ থাকলেও পরে হঠাৎ করেই নাম বদলে রাখা হয় ‘ওয়াজির’।
ফারহানের বিপরীতে এ ছবিতে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি। এ ছবিতেই প্রথমবারের মতো দুর্ধর্ষ সব মারপিটের দৃশ্যে অভিনয় করেছেন ফারহান। এ ছাড়া, এ ছবিতেই প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। মিড-ডে ডটকম। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।