'কর্মমুখী' প্রিয়াঙ্কা

আমার এই কাজ করাতেই আনন্দ! প্রিয়াঙ্কা চোপড়া বলতেই পারেন। এই সময়ে বলিউডের সবচেয়ে ব্যস্ত তারকা প্রতিদিন যে রোজ ১৬ ঘণ্টা করে কাজ করছেন! দেশে ও দেশের বাইরে সমান ব্যস্ততায় কাটছে দিন। ক্লান্তপথিক প্রিয়াঙ্কা কিন্তু বলছেন, কাজের চাপে চিড়েচ্যাপ্টা হয়ে গেছে তাঁর ব্যক্তিগত জীবন।
প্রিয়াঙ্কা বলেছেন, ‘সাফল্য কোনো গন্তব্য নয়...সাফল্য হলো অন্তহীন এক যাত্রা। আপনি ততক্ষণ পর্যন্তই সফল, যতক্ষণ একের পর এক সাফল্য পাচ্ছেন।’ কিন্তু এই অন্তহীন যাত্রার কড়া মাশুলও গুনছেন, ‘হ্যাঁ, টাকা বানাচ্ছি ঠিকই, কারণ আমি যা করি, সেটা কঠোর পরিশ্রম করেই করি। রাতে ঠিকমতো ঘুমাই না, দিনে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। আমার জীবনে কোনো সাপ্তাহিক ছুটি নেই, জন্মদিন নেই, দীপাবলির উৎসব নেই।’
গান দিয়ে আগেই যুক্তরাষ্ট্রের নজর কেড়েছেন। এরপর দারুণ সাড়া পেয়েছেন ‘কোয়ান্টিকো’ সিরিজেও। পরবর্তী গন্তব্য কি হলিউড? প্রিয়াঙ্কার উত্তর, ‘করতে হবেই এ জন্য করা, এটা আমি চাই না। কাউকে কিছু প্রমাণের তাগিদ নেই আমার। তখনই হলিউডে নাম লেখাব, যদি সেই ছবিটা আমাকে আগ্রহী করে তোলে।’ পিটিআই।