'কাবিল'-এর সঙ্গে বৈষম্য

বলিউডে একই দিনে মুক্তি পাচ্ছে দুটি ছবি—‘রইস’ ও ‘কাবিল’। এ নিয়ে আগে থেকেই শাহরুখ ও রাকেশ রোশনের মধ্যে চলছিল ঠোকাঠুকি। গতকাল ছবি মুক্তির পর আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন রাকেশ। কথা ছিল, সমান সমান প্রেক্ষাগৃহ পাবে দুটি ছবি। কিন্তু কথা রাখেননি প্রদর্শকেরা। ‘রইস’কে তাঁরা দিয়েছেন ৬০ শতাংশ আর ‘কাবিল’-এর জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ৪০ শতাংশ প্রেক্ষাগৃহ।
গতকাল বুধবার এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে প্রযোজক রাকেশ রোশন বলেন, ‘হল মালিকেরা অনেক ক্ষমতাবান এটা ঠিক। কিন্তু তাঁরা ক্ষমতা ঠিকমতো ব্যবহার করছেন না।’ এ ঘটনায় ভীষণ হতাশ হয়ে তিনি বলেছেন, ‘এভাবে চলতে থাকলে আমি সিনেমা বানানো বন্ধ করে দেব।’ গতকাল তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও এ নিয়ে আজ মুখ খুলেছেন হৃতিক। তিনি বলেছেন, ‘প্রয়োজন হলে আমি পরবর্তী ছবির প্রচারের জন্য ভারতের প্রতিটি ছোট শহরেও যাব।’
এদিকে ‘রইস’-এর প্রচারে কোনো কমতি রাখেননি শাহরুখ খান ও ছবির প্রযোজক রিতেশ সিধওয়ানি। ট্রেনে করে ছবির প্রচার চালানোর ফলে রেলস্টেশনে প্রচণ্ড ভিড় হয়। তাতে শ্বাসকষ্টে মারাও যান শাহরুখের এক ভক্ত।
প্রেক্ষাগৃহ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন বলে হৃতিক হতাশ হলেও অসন্তুষ্ট নন। তিনি বলেন, ‘আমি যখন আমার দুই ছেলেকে নিয়ে “কাবিল” দেখে বের হই; তাঁরা আমাকে বলেন, ছবিটা তাঁদের ভালো লেগেছে। তাঁদের কাছে এটি পৃথিবীর সেরা ছবি। এখানেই আমার সার্থকতা।’
মুক্তির আগে ‘কাবিল’ ছবির একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করার হয়েছিল। সেখানে শুধু রোশন পরিবারের কাছের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। সেই তালিকায় ছিলেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানও। ছবি দেখার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির বেশ প্রশংসা করেন। এমনকি হৃতিককে উদ্দেশ করে বলেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।