'কাহানি-দুই' ছবিতে অর্জুন রামপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন রামপাল
অর্জুন রামপাল

সুজয় ঘোষের ছবি ‘কাহানি’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। মুক্তি পাওয়ার পরপরই এই ছবি চলচ্চিত্র সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক—সবারই অনেক প্রশংসা পেয়েছিল। এ ছবির কাহিনিবিন্যাস, ছবির অভিনেত্রী বিদ্যা বালানের সাবলীল অভিনয়—সব মিলিয়ে ছবিটি অধিকাংশ সমালোচকেরই প্রশংসা পেয়েছিল। এবার এ ছবির সিক্যুয়েল নির্মাণের চিন্তাভাবনা করছেন সুজয় ঘোষ। সেখানে বিদ্যা বালানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্জুন রামপালকে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি।

আজ ১৪ মার্চ থেকে ‘কাহানি-দুই’ ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও নির্মাতা সুজয় তাঁর নতুন এই ছবিটির চরিত্র ও অভিনেতা-অভিনেত্রীর নাম ঠিক এখনই খোলাসা করতে চাইছেন না। তবে সুজয়ের এই নতুন ছবিতেও যে বিদ্যা বালান কাজ করবেন—এটা নিশ্চিত। কিন্তু বিদ্যার সঙ্গে আর কে কে এ ছবিতে কাজ করবেন—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

অবশ্য ছবিসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পরিচালক সুজয় ঘোষ কিছুদিন আগে অর্জুন রামপালকে এই ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। আজ থেকে কলকাতায় কাহানি সিক্যুয়েলের শুটিং দলের সঙ্গে তাঁর যোগ দেওয়ার কথা। এক মাসের মধ্যেই অর্জুন তাঁর অংশের কাজ শেষ করবেন। সূত্রটি আরও জানিয়েছে, সুজয় ও বিদ্যা দুজনেই চাইছেন, এই সিক্যুয়েল ‘কাহানি’কেও ছাড়িয়ে যাক। আর এ জন্যই হয়তো কিছু বিষয় এখনো রহস্যের চাদরে মুড়িয়ে রাখতে চাইছেন তাঁরা।

‘কাহানি-দুই’ ছবিটি ছাড়াও অর্জুন রামপালকে দেখা যাবে ‘রক অন’ ছবির সিক্যুয়েলে।