'কিং' শাহরুখ 'বন্ধু' সালমান

একসময় দুজন দুজনার আপন ছিলেন। বেশ কয়েক বছর ধরেই সম্পর্কটা যেন ‘দুজনার দুটি পথ ওগো দুদিকে গেছে বেঁকে’! মাঝেমধ্যে গলাগলি হয়, কিন্তু সুযোগ পেলে তীর্যক বাক্যবাণও চলে। সম্প্রতি শাহরুখকে ‘বলিউডের কিং’ বলেছেন সালমান। সালমান খান যখন শাহরুখকে কিং বলে মেনে নেন, শাহরুখ খান কি আর বসে থাকতে পারেন? শাহরুখও সালমানকে ‘বন্ধু’ বলে স্বীকৃতি দিয়েছেন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সালমান খানের সদ্য মুক্তি পাওয়া ছবি কিক বক্স অফিস ভালোই সাড়া জাগিয়েছে। স্বভাবতই তাঁকে এসআরকের সঙ্গে তুলনা করেছেন সাংবাদিকেরা। কিক-এর সাফল্যের পর তিনিই বলিউডের কিং কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কিক তারকার সাফ জবাব, ‘বলিউডে আগে থেকেই একজন কিং আছেন এবং তাঁরই সেখানে থাকা উচিত।’ শাহরুখের কিং হওয়া নিয়ে তাঁর কোনো সমস্যা নেই বলেও জানান সালমান। বলছেন, ‘শাহরুখেরই কিং হওয়া উচিত। ওকে ওর জায়গায় থাকতে দিন।’
তবে ভবিষ্যতে শাহরুখের জায়গা দখল করে নেওয়ার কথাটিও জানাতে ভুল করেননি কিক তারকা। এদিকে শাহরুখ খান বন্ধু দিবসের আগে এনডিটিভিকে বলেন, ‘সালমান ও আমার সম্পর্ক নিয়ে আমাকে প্রায়ই প্রশ্ন করা হয়। সালমান ও আমার সম্পর্কে প্রশ্ন শুনতে শুনতে বিরক্তি এসে গেছে। কয়েক বছর ধরেই যেখানে যাই, সেখানেই এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে জেঁকে ধরা হয়। এখন তো আমরা দেখা হলে দুজন দুজনাকে জড়িয়ে ধরি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে, দোস্তি আছে আর যা যা থাকা দরকার, সবই আছে।’