'কিক টু'-তে ইউলিয়া?

২০১৪ সালে বলিউডের অন্যতম সফল ছবি ছিল কিক। তাতে অভিনয় করেছিলেন সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। গত বছর শোনা গিয়েছিল এ ছবির সিক্যুয়াল আসছে। এ বছরে এসে শোনা গেল, এ ছবির সিক্যুয়ালে এবার অভিনয় করবেন রোমান বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী ইউলিয়া ভানতুর।
তবে ইউলিয়া ঠিক সালমান খানের বিপরীতেই থাকছেন কি না, এ বিষয় এখনো কেউ নিশ্চিত করেনি। কিক টু-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ছবির চিত্রনাট্যের ৮০ ভাগ লেখা হয়ে গেছে। ২০১৮ সালের মাঝামাঝি থেকে শুরু হবে এর শুটিং। আগের ছবির মতো কিক টু-এর নায়কও হচ্ছেন সালমান খান। আর ইউলিয়াকে ছবিতে নেওয়ার জন্য নাকি তাঁর কথিত প্রেমিক সালমানই সুপারিশ করেছেন নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালাকে।
তবে বিষয়টি এখনই নিশ্চিত করেনি সিনেমা-সংশ্লিষ্ট সূত্র। তাই সালমান ও ইউলিয়াকে একসঙ্গে এক ছবিতে দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার। ইন্ডিয়ান এক্সপ্রেস