'কুইন' হলেন নকশাকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

বলিউডে এখন ‘কুইন’ কঙ্গনা রনৌতের রাজত্ব। ভিন্ন চরিত্র আর অসাধারণ অভিনয় দিয়ে একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন বলিউডকে। আর তা দিয়েই এখানে রানির সিংহাসন পেতে বসেছেন। কিন্তু মনস্তুষ্টি বলে একটা কথা আছে না? সেটি মনে হয় কঙ্গনার মেটেনি। হয়তো তাই পোশাকের নকশাকার হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। একটি নামকরা আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকের ডিজাইনার বা নকশাকার হয়েছেন বলিউডের এই ‘কুইন’ তারকা।
চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগে থেকেই র‍্যাম্প মডেলিং এ নিজের একটি পোক্ত জায়গা করে নিয়েছিলেন কঙ্গনা। আর এখন অভিষেক হলো তাঁর ফ্যাশন প্রতিভার। আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ভেরো মোদা’র জন্য পোশাকের নকশা করেছেন বলেই সম্প্রতি জানিয়েছেন এই ‘কুইন’ তারকা।
কঙ্গনা জানিয়েছেন, তিনি কখনোই ট্রেন্ডি ফ্যাশনকে অনুসরণ করেন না। তাঁর মুডের ওপরেই নির্ভর করে তাঁর ফ্যাশন, আর নিজেকে যে পোশাকে ভালো লাগে; তার ওপর। যা পরে স্বাচ্ছন্দ্যবোধ করেন তা-ই পরেন কঙ্গনা।
নকশাকার হিসেবে নিজের এই ফ্যাশন সচেতনতাকেই কাজে লাগাতে চান কঙ্গনা। তিনি বলেছেন, ‘আমি আনন্দিত যে, পুরোপুরি আমার নিজস্ব ফ্যাশন ধারণা থেকে উদ্বুদ্ধ হয়েই ‘ভেরো মোদা’র পোশাকের জন্য নকশা করছি।’
কঙ্গনার নকশা করা পোশাকের সংগ্রহ নিয়ে যে ফ্যাশন শোর আয়োজন; সেখানে নিজের নকশা করা পোশাকের মডেলও হয়েছেন কঙ্গনা নিজেই।
প্রসঙ্গত, গেল বছর একই ব্র্যান্ডের জন্য পোশাক নকশা করেছিলেন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক করণ জোহর। মজার ব্যাপার হলো, করণ জোহরের সেই ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে ছিলেন কঙ্গনা রনৌত। কে জানে, হয়তো করণ জোহরের বিষয়টি থেকে উদ্বুদ্ধ হয়েই বলিউড ‘কুইন’-এর এই সুপ্ত প্রতিভাটি প্রকাশিত হয়েছে! টাইমস অব ইন্ডিয়া।