'কুছ কুছ হোতা হ্যায়' হালকা ছবি: করণ জোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির পোস্টার
করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির পোস্টার

মুক্তির ১৮ বছর পর নির্মাতা করণ জোহরের মনে হলো ‘কুছ কুছ হোতা হ্যায়’ খুব হালকা ধাঁচের ছবি ছিল। অথচ এটি করণ পরিচালিত প্রথম ছবি। ছবির চিত্রনাট্যও ছিল করণের লেখা। ছবিটি সেই বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির একটি ছিল। আর সেই ছবিকেই কিনা খোদ নির্মাতা এখন ‘ফালতু’ মনে করছেন।
করণ বলেন, ‘আমি যখন এর কাহিনি লিখি, আমার বয়স তখন মাত্র ২৪। আমি এত বছর পর যখন এই ছবি অথবা “কাভি খুশি কাভি গাম” দেখি, তখন ভেবে পাই না, কী ভেবে আমি এমন গল্প লিখেছিলাম।’
শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’তে দেখানো হয় রানি তাঁর মৃত্যুর আগে মেয়ের জন্য আটটি চিঠি রেখে যান। যেন সে তাঁর বাবা শাহরুখের সঙ্গে পুরোনো বান্ধবী কাজলের বিয়ে দিতে পারেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে করণ বলেন, ‘চিঠিগুলোতে মা কী লিখেছিলেন? এত কম বয়সে মেয়ের সেই চিঠি পড়ে কীই-বা বুঝেছে?’
অবশ্য, করণ এই কথাও স্বীকার করেন যে এই ছবি তিনি অনেক আবেগ ও বিশ্বাস থেকে বানিয়েছিলেন। রাজ কাপুর ও যশ চোপড়ার চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির কাহিনি লিখেছিলেন তিনি। এনডিটিভি।