'কৃষ ফোর'-এর জন্য আন্তর্জাতিক মানের পরিচালক

তোড়জোড় শুরু হয়ে গেছে। শিগগিরই শুরু হবে ‘কৃষ ফোর’-এর শুটিং। ভারতীয় সুপার হিরোকেন্দ্রিক এ ছবির পরিচালক নিয়ে ভাবতে হচ্ছে নতুন করে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এ ছবিতে রাখা হবে ভিজ্যুয়াল এফেক্টস। সে জন্য এ ছবিটি পরিচালনা করতে পারেন আন্তর্জাতিক মানের কোনো অ্যাকশন।
এবারও ভারতীয় সুপার হিরো কৃষের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। ২০০৩ সালে পরিচালক রাকেশ রোশন নির্মাণ করেছিলেন ‘কোয়ি মিল গায়া’ ছবিটি। বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এ ছবির মূল চরিত্রে ছিলেন কৃষ্ণ নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণ। ভিনগ্রহ থেকে আসা এক প্রাণী ফিরিয়ে দেয় কৃষ্ণ চরিত্রের হৃতিক রোশনের স্বাভাবিক বুদ্ধিমত্তা। যদিও সেটি কোনো সুপারহিরোর চরিত্র নয়।
২০০৬ সালে নির্মিত হয় সুপার হিরোকেন্দ্রিক ছবি ‘কৃষ’। ঠিক হলিউডের সুপারহিরোদের মতোই ক্ষমতা তাঁর। ২০১৩ সালে তৈরি হলো ‘কৃষ থ্রি’। মধ্যখানে বাদ পড়ল ‘কৃষ টু’। কেননা ‘কৃষ’-ই এ কিস্তির দ্বিতীয় ছবি। আপাতত ‘কৃষ ফোর’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন রাকেশ রোশন। তিনি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল বা মে মাসে ছবিটির শুটিং শুরু করবেন। বেশ খরচসাপেক্ষ হবে সেই ছবি। তিনি বলেন, ‘ভিজ্যুয়াল এফেক্টসের ব্যয় যাতে সাধ্যের মধ্যে রাখা যায়, সেটা মাথায় রাখতে হচ্ছে। এ ছাড়া দর্শকদেরও ভালো লাগতে হবে সেটা। সে জন্য আমরা আন্তর্জাতিক মানের একজন অ্যাকশন ডিরেক্টরের কথা ভাবছি। এমন কিছু করতে চাই, যা আগে বলিউডে হয়নি।’ ইন্ডিয়া টাইমস