'খান' বলায় খেপেছেন মালাইকা

অধিকার ছেড়ে আবার অধিকার রাখতে যাওয়ার বিড়ম্বনা আর হয় না। প্রায় সে রকম এক বিড়ম্বনায় পড়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের নামের সঙ্গে আর ‘খান’ ব্যবহার করছেন না তিনি। অথচ ভুল করে অনেকেই তাঁকে ওই নামে ডেকে বসছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন মালাইকা। অনুষ্ঠানে গিয়ে দেখেন, তাঁকে সম্বোধন করা হচ্ছে ‘মালাইকা অরোরা খান’ নামে। এতে অত্যন্ত মর্মাহত দেখাচ্ছিল তাঁকে। আইনানুগভাবে নামের যে অংশ ছেঁটে ফেলেছেন তিনি, সেটা যদি আবারও কাঁধে এসে ওঠে, কারোরই ভালো লাগার কথা নয়। আয়োজকদের তিনি সাফ জানিয়ে দেন, ‘আমার নাম ঠিক করে বলেন, নয়তো চলে যাব!’ এরপর আয়োজকেরা দ্রুত তাঁর নাম থেকে ‘খান’ বাদ দিয়ে সম্বোধন করলে তিনি ক্ষান্ত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সূত্র এটা নিশ্চিত করেছে যে বিচ্ছেদের পর আরবাজ খানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই অভিনেত্রীর। সূত্র: বলিউড বাবল