'গালি বয়' ছবির রণবীর-আলিয়া

এই সময়ের তরুণ দুই প্রতিভাবান অভিনয়শিল্পী রণবীর সিং ও আলিয়া ভাট। সঙ্গে যুক্ত হয়েছেন নির্মাতা জোয়া আখতার। এই ত্রয়ী মিলে নিয়ে এলেন সিনেমা—গালি বয়। সম্প্রতি প্রকাশিত হলো সিনেমাটির পোস্টার। পোস্টারে দুজনেই ধরা দিলেন অন্য চেহারায়।
ইতিমধ্যে সিনেমাটি বিশ্বের নামকরা একটি চলচ্চিত্র উৎসব ‘বার্লিন চলচ্চিত্র উৎসবে’ আমন্ত্রিত হয়েছে। সিনেমার অভিনয়শিল্পীসহ সবার জন্য এ এক সুখবর বটে। পয়লা জানুয়ারি আলিয়া ভাট সিনেমাটির পোস্টারের একটি ছবি পোস্ট করেন। এর পরপরই গতকাল আবার রণবীর সিংও দুটি পোস্টার পোস্ট করেন। সেখানে একটি পোস্টারে দেখা যায় রণবীর সিং ও আলিয়া ভাট হেডফোনে গান শুনছেন। রণবীরের সাদামাটা বেশ আর আলিয়ার মাথা হিজাব দিয়ে ঢাকা। অন্য দুটি পোস্টারে দেখা যায় হুডি পোলো শার্ট পরা রণবীর। সামনে থেকে সূর্যের আলোকশিখা আসছে।

রণবীর সিং পোস্টারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্ট্রিট সিঙ্গারের কণ্ঠ’ আর আলিয়া লিখেছেন, ‘আমাদের সময় এসে গেছে।’ এই সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে স্ট্রিট সিঙ্গারের ভূমিকায়। সিনেমাটিতে অভিনয় করে বেশ অনন্দিত রণবীর সিং। এই সিনেমায় না থাকলে নাকি তিনি খুবই ঈর্ষায় ভুগতেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দিব্যি দিয়ে বলছি, যদি আমি ছাড়া অন্য কেউ এ সিনেমায় থাকত, তাহলে আমি ঈর্ষায় জ্বলতাম। এটা মুম্বাই। এটা হিপহিপ। এটা তো আমাকেই মানায়।’
এই মুহূর্তে রণবীর সিংয়ের সিনেমা সিম্বা বক্স অফিসে চলছে তরতরিয়ে। বছরটি রণবীরের গেছে বেশ। পদ্মাবত দিয়ে শুরু করেছিলেন দুর্দান্তভাবে। আর বছর শেষও করলেন সিম্বা দিয়ে অসাধারণভাবে। আলিয়া ভাটকে রাজি সিনেমার পরে অতিথি চরিত্র ছাড়া আর কোনো ছবিতে দেখা যায়নি গত বছর। হাতে আছে বড় বড় কয়েকটি সিনেমা। এর মধ্যে কলঙ্ক ও ব্রহ্মাস্ত্র অন্যতম। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।