'চেন্নাই এক্সপ্রেসে'র রেকর্ড ভাঙল 'কিক'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাই এক্সপ্রেস-এর রেকর্ডটায় ভালোই লাথি কষেছে কিক। ভারতে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় আমির খানের থ্রি ইডিয়টসকে হটিয়ে দিয়েছিল শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস। ধুম থ্রি দিয়ে আমির আবার সেই রাজত্ব দখল করে নেন। কিন্তু খানদের খানদানি লড়াইটা এবার আরও জমিয়ে তুললেন সালমান। সালমানের নতুন ছবি কিক এবার ভেঙে দিল শাহরুখের চেন্নাই এক্সপ্রেস-এর রেকর্ড। ধুম থ্রির পর ভারতে সবচেয়ে বেশি আয় করা ছবি এখন কিক।
ছবিটির সাফল্য দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। ফলে ভারতে সবচেয়ে বেশি আয় করা ছবিও হয়ে যেতে পারে সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কিক। অবশ্য ভারতসহ সারা বিশ্বে আয় করা বলিউড ছবির তালিকায় এখনো কিক-এর (৩৭২.৫ কোটি রুপি) ওপরেই আছে চেন্নাই এক্সপ্রেস (৪২২ কোটি রুপি)। কিক-এর অবস্থান সেখানে পাঁচে। ৫৩৩ কোটি রুপি নিয়ে সবার ওপরে ধুম থ্রি। টিএনএন।