'জন্মদিন নিয়ে ভাবার সময় পাইনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর

‘এখন সারা দেশে অনেকেই আমার জন্মদিন উদ্‌যাপন করছেন। আমার জন্য প্রার্থনা করছেন। ভালো লাগে। আমার কাছে ছোটবেলার জন্মদিনের কিছু স্মৃতি আছে। আমার যেখানে জন্ম এবং বড় হওয়া, সেখানে ঘটা করে জন্মদিন পালন করা হতো না। তেমন রেওয়াজ ছিল না। জন্মদিনের দিন সকালে মা (শেবন্তী মঙ্গেশকর) পূজা করতেন। পূজা শেষ করে বাড়িতে তৈরি মিষ্টি কিছু খেতে দিতেন। এই স্মৃতিগুলো আমরা কাছে সবচেয়ে আনন্দের।’ জন্মদিন উপলক্ষে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন লতা মঙ্গেশকর।

আজ ২৮ সেপ্টেম্বর উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৮৮তম জন্মবার্ষিকী। এখন তিনি মুম্বাইয়ে বান্দ্রায় নিজের বাসায় আছেন। আজ সকালে পূজা করেছেন। সকাল থেকেই ভক্ত আর স্বজনদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন। টুইটারে আজ সারা দিনই আছেন লতা। বিভিন্নজনকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাচ্ছেন তিনি নিজেই।

জন্মদিনের স্মৃতি নিয়ে লতা মঙ্গেশকর আরও বলেন, ‘আমার বাবা যখন মারা যান, তখন আমার বয়স পাঁচ। বাবার (দীননাথ মঙ্গেশকর) মৃত্যুর পর আমাদের পারিবারিক অবস্থা খুবই সংকটপূর্ণ হয়ে পড়ে। মা আমাদের নিয়ে হিমশিম খেয়েছেন। তাই ওই সময় আলাদা করে জন্মদিন নিয়ে ভাবার সময় পাইনি। তবে আমার কাছে জন্মদিনের সেরা উপহার বাবা-মায়ের আশীর্বাদ। জন্মদিনে তাঁদের কথা বেশি মনে পড়ে।’

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে মারাঠি সিনেমায় প্লেব্যাক করেন লতা মঙ্গেশকর। এ বছর তাঁর সংগীতজীবনের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। সংগীতে তাঁর এই দীর্ঘ সফর নিয়ে লতা বললেন, ‘আমি খুবই সন্তুষ্ট। এই সময়ে অনেক বাধাবিপত্তি পার হতে হয়েছে। এখন সবকিছুই স্বাভাবিক। গান গাওয়া অনেক সহজ হয়ে গেছে। আমি এখনো গান করতে চাই। ভালো গান গাওয়ার ব্যাপারে আপত্তি নেই। চলচ্চিত্রে আর গান করব না। তবে ভক্তিগীতি, কীর্তন, ভজন, গজল—এ ধরনের গান করব। এখন কীর্তন আর ভজন গানের রেকর্ডিং করছি।’

জন্মদিনে বিশেষ কিছু চাওয়া আছে? এমন প্রশ্নের জবাবে লতা বললেন, ‘শুধু জন্মদিন নয়, সব সময়ই প্রার্থনা করি, আমি যেন আরও কিছু ভালো গান গাইতে পারি।’

লতা মঙ্গেশকর এ পর্যন্ত ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার ফিল্মফেয়ার পুরস্কার, ১২ বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন পুরস্কার। সাত দশকে সহস্রাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গেয়েছেন তিনি। গেয়েছেন চলচ্চিত্রের বাইরে আরও অনেক গান।

লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকরের জন্মদিনে ছোট বোন ও আরেক কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘দিদি (লতা মঙ্গেশকর) বলেন, জন্মদিনে এত খুশি হওয়ার কী আছে? আমার বয়স আরও এক বছর বেড়ে গেল। তাঁর রসবোধ অসাধারণ। তিনি একজন দারুণ শিল্পী ও আমার শ্রদ্ধেয় বোন। তাঁর সর্বাত্মক মঙ্গল কামনা করি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, ‘শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। কোটি কোটি ভারতীয় তাঁর সুমধুর কণ্ঠের পূজারি। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’

অভিনেতা ঋষি কাপুর লিখেছেন, ‘আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি আমাদের যেসব সেরা গান উপহার দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’

ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘শুভ জন্মদিন দিদি। আমরা খুব ভাগ্যবান যে আপনার মতো কণ্ঠের একজন শিল্পীকে পেয়েছি। আপনার সুস্থতা কামনা করছি।’

অভিনেত্রী শাবানা আজমি লিখেছেন, ‘যে দুনিয়ায় লতা মঙ্গেশকর থাকেন, সেই দুনিয়ায় বাস করতে চাই। আমরা সবাই খুব ভাগ্যবান, তাঁর মতো একজন গায়িকা পেয়েছি। জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা।’

ফারহান আখতার টুইট করেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা লতাজি। আপনার সুস্থতা ও সুখ কামনা করি। আপনার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা। লতা মঙ্গেশকর আমাদের আশীর্বাদ করুন।’

লতা মঙ্গেশকরের সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় লতাজি।’ এনডি টিভি, হিন্দুস্তান টাইমস