'জাগগা জাসুস'-এ গোবিন্দ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ, গোবিন্দ ও রণবীর কাপুর
ক্যাটরিনা কাইফ, গোবিন্দ ও রণবীর কাপুর

অনুরাগ বসুর ‘জাগগা জাসুস’ নিয়ে আরও কত যে জট পাকাবে কে জানে! তিন বছর ধরে শুটিং চলা এই ছবি অবশেষে ১৪ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু এই ছবি নিয়ে অনেক ধোঁয়াশা এখনো কাটছে না। গত মাসে এই ছবির নায়ক-নায়িকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের একটি ছবি ভাইরাল হয়। সেখানে তাঁদের পোশাক ও মেকআপ দেখেই বলে দেওয়া যাচ্ছিল যে এটি ‘জাগগা জাসুস’-এর দৃশ্য। আর এই ছবিতে তাঁদের সঙ্গে ছিলেন ‘হিরো নম্বর ওয়ান’খ্যাত তারকা গোবিন্দ। তখন থেকেই গুঞ্জন ওঠে, অনুরাগ বসুর এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে গোবিন্দকে।

কিন্তু এর কিছুদিন পরেই আবার শোনা যায় আরেক গুঞ্জন। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, অপেশাদার মনোভাবের কারণে নাকি ছবি থেকে বাদ পড়েছেন প্রবীণ এই তারকা। কিন্তু গোবিন্দ সে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জাগগা জাসুস’-এ তিনি নেই। অন্য আরেকটি ছবি নিয়েই নাকি ব্যস্ত আছেন এখন।

অতঃপর সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন পরিচালক অনুরাগ। সম্প্রতি একটি অনলাইন সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছবির প্রথম ভাগের শিডিউলে গোবিন্দের কিছু দৃশ্য ধারণ করেছিলাম। এরপর ছবির গল্প ও দৃশ্যে কিছু পরিবর্তন আনা হয়। গোবিন্দের করা অংশগুলো মূল ছবিতে নেই। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। কারণ, তিনি আমার ছবিতে অতিথি চরিত্রে কাজ করতে রাজি হয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি এই ছবিতে নেই।’

অনুরাগের এ বক্তব্যের পর গোবিন্দ বলেন, ‘অবশেষে তিন বছর পর তিনি মুখ খুলছেন। ছবিতে আমার না থাকার ব্যাপারটা পরিষ্কার করার জন্য তাঁকে ধন্যবাদ।’

এর আগে ‘জাগগা জাসুস’-এ শাহরুখ খানের থাকার সম্ভাবনাও শোনা গিয়েছিল। এমনকি রণবীর আর ক্যাটের সঙ্গে তাঁর দৃশ্য ধারণের গুঞ্জনও শোনা যায় তখন। পরে রণবীর নিজে এই গুজবের খোলাসা করেন। বলেন, ‘আমার জানামতে, শাহরুখ খান এই ছবিতে নেই। তবে অন্য একজন তারকা ক্যামিও চরিত্রে আছেন।’
কে সেই তারকা, জানতে হলে অপেক্ষা করতে হবে আরও সাত দিন। সূত্র: ইন্ডিয়া টুডে