'জাগগা জাসুস'-এ শাহরুখ?

অনুরাগ বসুর ‘জাগগা জাসুস’ সিনেমার মূল অভিনয়শিল্পী রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এই ছবির শুটিং শুরু হয়েছিল সেই ২০১৪ সালের শেষের দিকে। শুটিংয়ের মাঝপথে ক্যাট-রণবীরের ‘ব্রেক আপ’ হলে বেশ কিছুদিন সিনেমার কাজ বন্ধ থাকে। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ অনুরাগ এই দুই সাবেক প্রেমিক জুটিকে শুটিং করাতে রাজি হন। আবার শুরু হয় ছবির কাজ। ইতিমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। এখন চলছে প্রচারণা। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই সিনেমার একটি বিশেষ কেমিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।
আসছে ১৪ জুলাই মুক্তি পাবে ‘জাগগা জাসুস’। এই মুহূর্তে ‘বলিউড বাদশা’-র এই ছবিতে অভিনয় করার খবর চমকপ্রদই বটে। সূত্রটি জানায়, পরিচালক অনুরাগ আগে থেকেই ছবির একটি বিশেষ চরিত্রে শাহরুখ খানকে নিতে চেয়েছিলেন। চরিত্রটির ব্যাপ্তি কম হলেও বেশ আকর্ষণীয়। আর তাই প্রস্তাব পাওয়ার পর একবারেই এখানে অভিনয় করতে রাজি হয়ে গেছেন শাহরুখ।
মুম্বাইয়ের একটি স্টুডিওতে দুই সপ্তাহ আগে শাহরুখ এই সিনেমার শুটিং করেছেন বলেও খবর পাওয়া গেছে। এই তারকার সঙ্গে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফও শট দিয়েছেন। তবে এ সবই নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র থেকে জানা। আসলেই এই ছবিতে শাহরুখের ভূমিকা কতটুকু, সেটা আনুষ্ঠানিকভাবে কেউই খোলাসা করেননি এখন পর্যন্ত। কে জানে? হতে পারে এটি ছবির প্রচারের একটি কৌশল।
‘জাগগা জাসুস’ ছবিতে একজন তরুণ গোয়েন্দার গল্প বলা হয়েছে। যে তার হারিয়ে যাওয়া বাবার খোঁজে বাড়ি থেকে বের হয়। আর এরপর থেকেই সম্মুখীন হয় নানা রোমাঞ্চকর ঘটনার। গানে ভরপুর এই ছবির সংগীত পরিচালনা করেছেন প্রীতম। বলিউড হাঙ্গামা