'জাগগা জাসুস'-এর মুক্তি পেছাবে এক বছর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাগগা জাসুস’ ছবির দৃশ্যে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ
‘জাগগা জাসুস’ ছবির দৃশ্যে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

চার বছর আগে পরিচালক অনুরাগ বসু ‘জাগগা জাসুস’ ছবির শুটিং শুরু করেছিলেন। এরপর থেকে একের পর এক ঝামেলার কারণে বারবার শুধু শুটিং পেছাচ্ছে, তার মধ্যে ২০১৫ সালে এই ছবির নায়ক-নায়িকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম ভেঙে যাওয়া অন্যতম কারণ। এখনো সিনেমার কিছু অংশের শুটিং বাকি আছে। অথচ এই মাসেই ‘জাগগা জাসুস’ মুক্তির দিন ধার্য করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে শুটিং শেষ করে ছবি মুক্তি দেওয়া শুধু মুশকিল নয়, অসম্ভবও বটে। তবে, এখন মুক্তি দিতে না পারলে এই ছবির মুক্তি পেছাতে পারে আরও এক বছর।
ক্যাট আর রণবীরের সম্পর্ক খারাপ হওয়ার পর দুজনের কেউই একসঙ্গে শুটিং করতে চাইতেন না। আউটডোর শুটিংগুলোতে সমস্যা হতো সবচেয়ে বেশি। তাই অনুরাগ বসু এই দুই শিল্পীকে একসঙ্গে শুটিং করতে রাজি করানোর জন্য অনেক দিন অপেক্ষা করেছেন। কিন্তু তাঁরা যখন ছবির বাকি অংশের কাজ করলেন তত দিনে দুজনের চেহারা ও স্বাস্থ্যে কিছু পার্থক্য চলে এসেছে। মাঝে ‘ফিতুর’ ছবির জন্য ক্যাটরিনাকে অনেকখানি ওজন কমাতে হয়েছিল। ‘জাগগা জাসুস’-এর সময় ক্যাটরিনার যে স্বাস্থ্য ছিল তাঁর সঙ্গে এর একেবারেই মিল নেই। তাই কিছু দৃশ্য ক্যাটরিনা আবার নতুন করে শুট করতে চাইছেন। এদিকে, রণবীর এখন সঞ্জয় দত্তের বায়োপিকে কাজ করছেন। এই জন্য তাঁকে অনেক বেশি ওজন বাড়াতে হয়েছে। সেই ওজন ঝরাতেও লাগবে অনেক দিন। কাজেই ২০১৮ সালের আগে ‘জাগগা জাসুস’ মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। বলিউড বাবল।